আবারও বার্সেলোনার সভাপতি হতে চান বার্তোমেউ
খবরটা শুনে যেকোনো বার্সেলোনা সমর্থক আঁতকে উঠতে পারেন। গত কয়েক বছর ধরে মাঠ ও মাঠের বাইরে বার্সেলোনা যেসব সমস্যার মুখোমুখি হয়েছে, তার প্রায় সবগুলোর পেছনে যে তাঁর অবদানই বেশি বলে মনে করা হয়।
বলা হচ্ছিল জোসেপ মারিয়া বার্তোমেউর কথা। গত বছরও বার্সেলোনার সভাপতি ছিলেন। একের পর এক কাণ্ড ঘটিয়ে নিয়মিত শিরোনাম হয়েছেন। তাঁর অধীনে মেসি এতটাই বিরক্ত ছিলেন যে গত বছর ক্লাব ছাড়তে চেয়েছিলেন। শেষমেশ যা হয়নি।
আগেই পদত্যাগ করতে বাধ্য হওয়া বার্তোমেউর জায়গায় এখন বসেছেন হোয়ান লাপোর্তা। গদি হারিয়ে বার্তোমেউ এখন বেকার। তাই বলে আবারও আসনে বসার আশা করতে তো ক্ষতি নেই! আর সে আশার কথা শুনেই শঙ্কিত হয়ে উঠতে পারেন বার্সেলোনার সমর্থকেরা!
এসপোর্ত থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন বার্তোমেউ, ‘আমি আবারও সভাপতি নির্বাচনে দাঁড়াব। ক্লাবে এক যুগ কাটিয়েছি আমি। কখনো হোয়ান লাপোর্তার সঙ্গে, কখনো সান্দ্রো রোসেলের সঙ্গে। আবার নিজেও সভাপতি ছিলাম। বার্সেলোনার সমর্থক হিসেবে এটা অনেক গর্বের এক বিষয়। কিন্তু কোভিড-১৯ এসেই সবকিছু বদলে দিল।’
এই সাক্ষাৎকারে নিজের কিছু ভুলও স্বীকার করেছেন কাতালান ক্লাবটার সাবেক সভাপতি। ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে অবিশ্বাস্যভাবে হেরে বসেছিল বার্সা। নিজেদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসেছিল তাঁরা। সে ম্যাচেই বের হয়ে এসেছিল বার্সেলোনার হাজারো খামতি-কমতি। ওই ম্যাচের পরেই দলকে ঢেকে সাজানোর একটা পরিকল্পনা নেয় বার্সেলোনা, যা আলোর মুখ দেখেনি।
তখন বেশ কিছু খেলোয়াড় কিনে দলকে বদলে দেওয়ার কথা উঠলেও বার্তোমেউ ও পথে যাননি। যেটা অনেক বড় এক ভুল ছিল বলে স্বীকার করেছেন সাবেক বার্সেলোনা সভাপতি, ‘লিভারপুলের বিপক্ষে হারার পর দলকে ঢেলে না সাজানোর সিদ্ধান্তটা ভুল ছিল। আমাদের সবকিছু পরিবর্তন করতে হতো। আমি তখন আমাদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলাম। তাও তেমন কিছুই করিনি। আমাদের অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল। কিন্তু এরপর মহামারি এসে সবকিছু বদলে দিল।’
বার্তোমেউর অধীনেই আকাশচুম্বী বেতন আর দলবদল ফি দিয়ে বার্সেলোনা দলে টেনেছিল ফিলিপ কুতিনিও, ওসমান দেম্বেলে, আ×তোয়ান গ্রিজমানের মতো তারকাদের। শুধু তাই নয়, আধুনিক ফুটবলের আরও একজন তারকার দিকে নজর ছিল বার্তোমেউর।
খেলোয়াড় কেনা বা না কেনার পেছনে কী কী যুক্তি ছিল, সেগুলোও এই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন বার্তোমেউ, ‘এমবাপ্পেকে দলে নেওয়ার বিষয়টাও চূড়ান্ত ছিল মোটামুটি। কিন্তু আমাদের কোচেরা ওসমানে দেম্বেলেকে চেয়েছিল কারণ উইঙ্গার হিসেবে দেম্বেলে বেশি জায়গা সৃষ্টি করতে পারে। কুতিনিও এসেছিল কারণ তখন ইনিয়েস্তা ক্লাব ছাড়ছিল। ও তখন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ছিল। দেম্বেলে এসেছিল নেইমারের যাওয়ার কারণে। আর গ্রিজমানকে আনা হয়েছিল কারণ আমাদের কোচেরা বছরখানেক ধরে ওকে চাচ্ছিলেন। আমিও ভেবেছিলাম, সুয়ারেজ যেহেতু সেবার অনেক চোটে পড়ছিল, তাই ভিন্ন ধরণের একজন ফরোয়ার্ড আনাই যায়, যে একজন বৈশ্বিক তারকা।’
তবে বার্তোমেউ বোঝেন, তাঁর অধীনে আসা খেলোয়াড়দের অনেকেই আলো ছড়াতে পারেননি, ‘যাদের আমরা দলে এনেছিলাম, তাঁদের মধ্যে কেউ কেউ প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমন কিছু খেলোয়াড় ছিল যাদের কিনতে অনেক টাকা খরচ করতে হয়েছে। কিন্তু এটাই ফুটবল। এটাই মেনে নিতে হবে আমাদের। দেম্বেলে আর কুতিনিও, এই দুই খেলোয়াড়কে যখন কেনা হলো, তখন অনেকেই সন্তুষ্ট হয়ে হাততালি দিয়েছিল। প্রশংসা করেছিল।’
মেসির বার্সেলোনা ছাড়ার জন্য প্রকারান্তরে বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তাকে দোষারোপ করেছেন বার্তোমেউ, ‘মেসির বিদায় আমাদের জন্য সমস্যা এনে দিয়েছে। আমরা সব সময় খেলোয়াড় কেনায় বিশ্বাসী, বিক্রি করায় না। মেসিকে দলে রাখার জন্য আমি ২০২০ সালের গ্রীষ্মে অনেক চেষ্টা করেছি। মেসি যেতে চাইলেও আমি চ্যাম্পিয়নস লিগে আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো দলের কাছে মেসিকে ছাড়তাম না। মেসি নেইমার, ফিগো কিংবা রিভালদোর চেয়ে আলাদা। এটাও সত্যি যে ও বিশ্বের সবচেয়ে বেতনভোগী খেলোয়াড়। ২০২০ সালের জুলাইতে আমি ওর সঙ্গে দুই বছরের চুক্তি নবায়নের ব্যাপারে কথাবার্তা বলে রাখি। কিন্তু এরপরই তো সব বদলে গেল। মেসিকে জিজ্ঞেস করতে হবে, কেন এমনটা হলো।’