আবারও বায়ার্ন-রাজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটা হওয়া উচিত ছিল—এবার চ্যাম্পিয়ন হবে কোন দল? অথচ আজ শুরু বুন্দেসলিগার আগে প্রশ্নটা হয়ে যাচ্ছে অন্য—বায়ার্ন মিউনিখকে কি কেউ থামাতে পারবে? জার্মান লিগটাকে যে বায়ার্ন মিউনিখ গত কয়েক বছরে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে! গত তিনবারই হেসেখেলে চ্যাম্পিয়ন বায়ার্ন, সামনে লিগের প্রথম দল হিসেবে টানা চারবার শিরোপা জয়ের হাতছানি। পেপ গার্দিওলার দল সেটা করতে না পারলেই মহাবিস্ময়ের হবে!
ধারেভারে এ মুহূর্তে বায়ার্ন অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। এই মৌসুমেও শক্তির তেমন কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি। বাস্তিয়ান শোয়েনস্টাইগার চলে যাওয়ায় মধ্যমাঠে যে শূন্যতাটুকু হয়েছিল, তা পূরণের জন্য সঙ্গে সঙ্গেই জুভেন্টাস থেকে চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে নিয়ে আসা হয়েছে। শাখতার দোনেৎস্ক থেকে আসা উইঙ্গার ডগলাস্ত কস্টাও প্রাক-মৌসুমেই আলো ছড়িয়েছেন। এই মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছিল, গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে চলে যেতে পারেন। সেটি এখন পর্যন্ত গুজব হিসেবেই বিবেচিত। বায়ার্নে দ্বিতীয় মৌসুমে গার্দিওলা অবশ্য লিগের চেয়েও হয়তো চ্যাম্পিয়নস লিগকেই বেশি গুরুত্ব দেবেন। গত দুবার সেমিফাইনাল থেকে ফিরে আসতে হয়েছে, বার্সার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ সেই অতৃপ্তি ঘোচাতে তো চাইবেনই।
তবে গত তিন মৌসুম ধরলে বায়ার্নের আধিপত্য কিন্তু একটু হলেও কমছে। হেইঙ্কেসের বায়ার্ন লিগ জিতেছিল ডর্টমুন্ডের চেয়ে রেকর্ড ২৫ পয়েন্ট এগিয়ে থেকে। পরের মৌসুমে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে ১৯ পয়েন্টে। আর গতবার ভলফ্সবুর্গের চেয়ে বায়ার্ন শেষ করেছে ‘মাত্র’ ১০ পয়েন্ট এগিয়ে থেকে।
গত ১৫ মৌসুমে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। এই সময়ে দ্বিতীয় সফলতম দল (তিনবার চ্যাম্পিয়ন) বরুসিয়া ডর্টমুন্ড। যে দলটি আবার যাচ্ছে একটা পালাবদলের মধ্য দিয়ে। সাত বছর পর কোচ ইয়ুর্গেন ক্লপ দল ছেড়ে গেছেন, দায়িত্ব নিয়েছেন টমাস টুখেল। গত মৌসুমে সাতে থাকা দলটাকে শিরোপা লড়াইয়ে ফেরানোর চ্যালেঞ্জ তাঁর সামনে।
আপাতত বায়ার্নের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ভলফ্সবুর্গের পক্ষেই বাজির দর বেশি। গত মৌসুমে দ্বিতীয় হয়েছিল কেভিন ডি ব্রুইনের দল, বায়ার্নকে ৪-০ গোলে বিধ্বস্তও করেছিল। এবারও জার্মান সুপার কাপে বায়ার্নকে হারিয়েই নতুন মৌসুম শুরু করেছে। মনশেনগ্লাডবাখ, লেভারকুসেন ও শালকে হয়তো মাঝেমধ্যে চমক দেখাতে পারবে, তবে এদের কেউ লিগ জিতলে সেটা অঘটনই হবে।
বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগের চেয়ে পিছিয়ে থাকলেও অনেক ক্ষেত্রেই কিন্তু এক নম্বর বুন্দেসলিগা। ম্যাচপ্রতি গড় দর্শকে তো অনেক আগে থেকেই। বুন্দেসলিগার (৪৩৫০০) কাছাকাছি আছে শুধু ইংলিশ লিগ (৩৬২০০)। লা লিগা (২৭০০০) বা সিরি আ (২২২০০) পিছিয়ে অনেকটাই। টিভি স্বত্ব বা অন্যান্য উৎস থেকে আয়ও অনেক গুণ বেড়েছে। স্পেন-ইতালি-ইংল্যান্ডের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবই দেনার দায়ে জর্জর হলেও সেই তালিকায় কোনো জার্মান ক্লাব নেই। দলগুলোয় নিজেদের যুব একাডেমির খেলোয়াড়েরা দাপিয়ে বেড়াচ্ছেন। চ্যাম্পিয়নস লিগে তিনটি দলের জায়গায় এখন চারটি দল খেলতে পারছে। সব মিলিয়ে জার্মান ফুটবলে এখন সোনালি সময়ই।
সেই ছাপটাও স্বাভাবিকভাবেই পড়েছে মাঠে। তিন বছর আগে ডর্টমুন্ড-বায়ার্নের অল জার্মান ফাইনালটা হয়তো অনেকের স্মৃতিতেই এখনো সজীব। বায়ার্ন তো এখন ইউরোপের পরাশক্তিই। গত মৌসুমেই যেমন, শুধু জার্মানির চারটি দলই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠতে পেরেছিল। ডর্টমুন্ড তো আছেই, শালকে-লেভারকুসেনও এখন ইউরোপে সমীহ জাগানো শক্তিই।
এখন থেকে ইংলিশ লিগ বা লা লিগার পাশাপাশি বুন্দেসলিগায়ও চোখ রাখতে পারেন!
বুন্দেসলিগার সফল পাঁচ দল
বায়ার্ন মিউনিখ ২৫
নুরেমবার্গ ৯
বরুসিয়া ডর্টমুন্ড ৮
শালকে ৭
হামবুর্গ ৬
মেড ইন জার্মানি
বুন্দেসলিগায় ৬০ শতাংশ খেলোয়াড়ই জার্মান, যেখানে প্রিমিয়ার লিগে এক-তৃতীয়াংশ ইংলিশ