আবারও মরিনহো-ওয়েঙ্গার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল-চেলসির ম্যাচের আগে ব্যাপারটা যেন একরকম অলিখিত রীতিই হয়ে গেছে। হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের মধ্যে খোঁচাখুঁচি যেন হবেই। কাল আরেকটি লন্ডন ডার্বির আগে সে রকম কিছু হবে না, সেটাও কি হয়? চেলসির কোচ মরিনহো আরেক দফা খোঁচা দিলেন আর্সেনালের ওয়েঙ্গারকে।
এই দফায় খোঁচাটা আগে মেরেছেন ওয়েঙ্গার। দুই দিন আগে আর্সেনাল কোচ বিদ্রূপের ছলে বলেছিলেন, রক্ষণ করাটা কঠিন কিছু নয়। সরাসরি কিছু বলেননি, তবে ম্যানচেস্টার ইউনাইটেড, কিউপিআর, স্টোক আর হাল সিটির সঙ্গে চেলসির কষ্টার্জিত জয়ের দিকেই যে ইঙ্গিত করেছিলেন, সেটা বুঝে নিতে কষ্ট হয়নি।
ওয়েঙ্গার এমন কিছু বলবেন, আর মরিনহো চুপচাপ শুনে যাবেন সেটা তো আর হয় না। চেলসি কোচের হাতে অবশ্য তরতাজা অস্ত্র ছিল, চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে আর্সেনালের হারের কথা মনে করিয়ে দিয়েছেন, ‘কাজটা (রক্ষণ) আসলে সহজ নয়। সহজ হলে আপনি নিজেদের মাঠে মোনাকোর কাছে ৩-১ গোলে হারতেন না। আর রক্ষণটা সামলাতে পারলে তো অন্তত গোলশূন্য ড্র করতে পারত। একটা আঁটসাঁট দল গড়ে তোলাটা সহজ নয়।’
লিগে অবশ্য চেলসি যে অবস্থায় আছে তাতে মরিনহো বড় গলায় কথা বলতেই পারেন। দ্বিতীয় আর্সেনালের চেয়ে ইংলিশ লিগে এখনই ১০ পয়েন্ট এগিয়ে, ম্যাচ বাকি ৬টি। আজ ও তিন দিন পর লেস্টারের সঙ্গে জিতলেই নিশ্চিত হয়ে যাচ্ছে লিগ শিরোপা। এই বছর আর্সেনালের দুর্দান্ত ফর্মও (শীর্ষ পাঁচ লিগের মধ্যে এই বছর সবচেয়ে বেশি পয়েন্ট আর্সেনালের) বোধ হয় খুব একটা ভাবাচ্ছে না মরিনহোকে! এএফপি।