প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন পর পর খবরের শিরোনাম না হলে যেন তাঁর চলে না। তা-ও যদি ভালো কিছু করে হতো, না হয় একটা কথা ছিল। মাঠে নিজেকে হারিয়ে খুঁজছেন, এদিকে মাঠের বাইরে আরও বেশি করে অঘটন বাধাচ্ছেন মারিও বালোতেল্লি। এবার আবার বিতর্ক উসকে দিলেন টুইটার-ইনস্টাগ্রামে। তা-ও বর্ণবাদের মতো একটা সংবেদনশীল বিষয় নিয়ে। ইনস্টাগ্রামে একটা কার্টুনের ছবি পোস্ট করেছিলেন। সেখানে লেখা, ‘বর্ণবাদকে না বলুন’। কিন্তু সেটা করতে গিয়ে এমন সব রসিকতা করেছেন, যেটা প্রকারান্তরে বর্ণবাদের পক্ষেই গিয়েছে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন লিভারপুল স্ট্রাইকার, মুছে দিয়েছেন ছবিটা। কিন্তু গুলি বের হয়ে গেলে সেটা কি আর ফেরানো যায়? এফএ এ কাজের ব্যাখ্যা চেয়ে তলব করেছে বালোতেল্লিকে। বিবিসি।