আবারও মালদ্বীপ যাবেন সাবিনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার মালদ্বীপে গিয়েই আলো ছড়িয়েছিলেন। গত এপ্রিলে খেলে এসেছেন ‘ক্লাব মালদ্বীপ ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে’। স্থানীয় পুলিশ ক্লাবের হয়ে ৬ ম্যাচে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন সাবিনা। এরপর গত মে মাসে যান মালদ্বীপের মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্লাব দিভেহি সিফাইংয়ে খেলতে। এবারও সাবিনা ৭ ম্যাচে ২২ গোল করেছেন, দুটি ম্যাচের সেরা খেলোয়াড়।
সাবিনার সঙ্গী মিডফিল্ডার মিরোনা ও জাতীয় দলের গোলরক্ষক সাবিনা আক্তারও এই টুর্নামেন্ট খেলে গত পরশু দেশে ফিরেছেন।
নিজেদের ক্লাবকে চ্যাম্পিয়ন করতে পারেননি বলে খানিক আফসোস আছে, তবে রানার্সআপ হয়েও অখুশি নন সাবিনা, ‘আমাদের ক্লাবটা তত ভালো ছিল না। চ্যাম্পিয়ন দলটা অনেক শক্তিশালী। ওদের দলে জার্মানি ও পাকিস্তানের ফুটবলার খেলেছে। আমরা তিনজন ভালো খেলেছি বলেই শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারি।’
প্রথমবার দেশের বাইরে খেলতে গিয়ে উচ্ছ্বসিত মিরোনা, ‘মালদ্বীপে খেলাটা আমার ক্যারিয়ারের জন্য বিশাল অভিজ্ঞতা। ক্লাবের সবাই আমাদের খেলা দেখে খুশি। মালদ্বীপের লিগে খেলে আমি খুবই খুশি।’
মালদ্বীপে মাত্র ৬০০ ডলার পারিশ্রমিকে খেলে এসেছেন মিরোনা ও গোলরক্ষক সাবিনা। তবে ভবিষ্যতে বেশি পারিশ্রমিক আশা করছেন, ‘আবারও ডিসেম্বরে সেখানে খেলার প্রস্তাব পেয়েছি। এবার ভালো একটি ক্লাবে বেশি পারিশ্রমিকে যেতে চাই।’
খেলার ব্যস্ততায় একদম বেড়ানো হয়নি সাবিনাদের। দ্বীপের সৌন্দর্যটা তাই উপভোগ করতে পারেননি মিরোনা, ‘আমাদের সঙ্গে ওদের ট্রেনিং শিডিউল মোটেও মেলে না। ওরা রাতের বেলা অনুশীলন করে। ঘুমাতে ঘুমাতে রাত ১টা বেজে যেত আমাদের। তা ছাড়া এক দিন পর পর খেলা থাকত। মালদ্বীপে খুব ব্যস্ত ছিলাম আমরা।’