আবারও মুখোমুখি তাঁরা

রোমাঞ্চ, উত্তেজনা যা-ই বলুন, সবকিছুর প্রথম ঝাপটা আগেই হয়ে গেছে। ওই সময় প্রেক্ষাপটও ম্যাচটাকে করে তুলেছিল অগ্নিগর্ভ। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি, দুই দলই যে লিগে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে উড়ছিল। পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর আবার দেখা হয়ে যাচ্ছে আজ। এবারের দেখাটা লিগ কাপে, আগের মতো অত উত্তাপও নেই। কিন্তু দুই কোচের জন্য আজকের ম্যাচটা যে অনেক কিছু!
প্রিমিয়ার লিগে দুই কোচের প্রথম দেখায় শেষ হাসি হেসেছিলেন গার্দিওলাই। ইউনাইটেডের হয়ে মরিনহোর প্রথম পরাজয় সেটাই। কিন্তু সেই হারটাই ছিল অশনিসংকেত, এরপর হঠাৎ করেই যে ছোটখাটো একটা ঝড়ে দিশেহারা ইউনাইটেড। সিটির সঙ্গে ওই হারের পর ইউনাইটেড লিগে পাঁচ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সর্বশেষ এই সপ্তাহে চেলসির কাছে ৪-০ গোলে হারটাই মরিনহোর কাছে বড় একটা ধাক্কা হয়ে এসেছে। ইউনাইটেডের নতুন কোচের সামনে ‘দেজাভু’ হয়ে কি গত মৌসুমে চেলসির স্মৃতিটাই ফিরে আসছে?
গতবার দুঃস্বপ্নের পাঁচ মাস পর চেলসি থেকে বিদায় নিয়েছিলেন মরিনহো। পর্তুগিজ কোচ জানেন, আর গোটা দুয়েক ফল পক্ষে না গেলে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। দলকে তাতিয়ে দিতে তাই বললেন, ‘এই কাজটা কোনো বাচ্চা ছেলের নয়, এটা পুরুষদের কাজ। আমাদের তাই পুরুষ হতে হবে, পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’ মরিনহো বরং বলছেন, পরের ম্যাচটা প্রিমিয়ার লিগে হলেই ভালো হতো, ‘আমি তো এখন লিগেই খেলতে চাইতাম। এখানেই আমাদের অবস্থা খারাপ, খুব কঠিন কিছু ম্যাচ খেলতে হয়েছে আমাদের।’
লিগে গার্দিওলার সিটির অবস্থা অবশ্য এতটা খারাপ নয়। বরং ২০ পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরেই আছে। আর্সেনাল ও লিভারপুলও ২০ পয়েন্ট নিয়ে একই সমতলে। অথচ দুই দলের সঙ্গে সিটির ব্যবধানটা বাড়তেই পারত। কিন্তু প্রথম ছয় ম্যাচ জেতার পর সিটিও যেন হঠাৎ খেই হারিয়ে ফেলেছে। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ পাঁচ ম্যাচে জয়হীন, লিগে গত তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি। সেই হোঁচট খাওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসার সুযোগ আজ গার্দিওলার সামনে। এএফপি।