আবারও মেসিবিহীন আর্জেন্টিনার জয়

এল সালভাদরের বিপক্ষে খেলেননি। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষমেশ মাঠেই নামেননি বার্সেলোনা ফরোয়ার্ড। তবে মেসিকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তরের গোলে আর্জেন্টিনা জিতেছে ২-১ ব্যবধানে।
৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আগুয়েরো। অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্নার হেড করতে চেয়েছিলেন পাস্তরে। কিন্তু বল চলে যায় বক্সে ফাঁকায় দাঁড়ানো আগুয়েরোর কাছে। দারুণ এক হেডে সিটি তারকা বল জড়িয়ে দেন জালে। ২৪ মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান মিলার বোলানোস। লুকাস বিগলিয়ার সহায়তায় ৫৮ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন পাস্তরে। ১৭ আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম গোল পেলেন আর্জেন্টাইন পিএসজি মিডফিল্ডার।
এল ক্লাসিকোতে ডান পায়ে হালকা চোট পেয়েছিলেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে সেই চোটের কারণে খেলতে পারেননি বলে জানিয়েছেন কোচ মার্টিনো, ‘ব্যথার কারণে বুট পরতে সমস্যা হচ্ছিল মেসির, মাঠে নামার কোনো উপায় ছিল না।’ তথ্যসূত্র: গোলডটকম ও রয়টার্স।