আবারও রোনালদোর পেনাল্টি-হতাশা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ যে ছিল এটি, তা বলা যাবে না। ইউরো ২০১৬ সামনে রেখে বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ। কিন্তু পেশো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে পুরো সময় দারুণ খেলেও ম্যাচটা জিততে পারল না পর্তুগাল। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি নষ্ট করার খেসারত দিল দল। হেরে গেল ১-০ গোলে।
ম্যাচের ১৯ মিনিটেই বুলগেরিয়াকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্সেলিনহো। বুলগেরিয়ার হয়ে অভিষেক ম্যাচেই গোল পেলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। পুরো ম্যাচটা দাপটের সঙ্গে খেললেও সেই গোলটাই শোধ করতে পারেনি পর্তুগাল। ৬৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তাঁর নেওয়া পেনাল্টি দারুণভাবে ফিরিয়ে দেন বুলগেরিয়ান গোলরক্ষক স্টোয়ানভ। ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে এ নিয়ে চারটি পেনাল্টি মিস করলেন রোনালদো।