আবারও শাস্তির মুখে মরিনহো

শনির দশা কাটছেই না মরিনহোর। এই তো সপ্তাহ দু-এক আগে একবার রেফারির সমালোচনা করে জরিমানা গুণতে হলো, সঙ্গে ছিল এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা। ওটার রেশ মিলিয়ে যেতে না যেতেই আবারও চেলসি কোচের বিরুদ্ধে অভিযোগ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। নতুন এই অভিযোগও রেফারির সঙ্গে অসদাচরণের!
শনিবার ওয়েস্ট হামের সঙ্গে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের বিরতিতে রেফারিদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন মরিনহো। ইংলিশ মিডিয়ার খবর, ওই ম্যাচের প্রথমার্ধে চেলসি মিডফিল্ডার নেমানিয়া মাতিচ ও সহকারী কোচ সিলভিও লরোর লাল কার্ডের সিদ্ধান্তটা ব্যাখ্যা করতে মরিনহোকে নিজেদের কক্ষে ডেকে নিয়েছিলেন রেফারি জোনাথন মস। ব্যাখ্যাটা তো তাঁর পছন্দ হয়নিই, উল্টো রেফারিকে দুকথা শুনিয়ে আসেন এই খ্যাপাটে কোচ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেন ওয়েঙ্গারের উক্তি টেনে এনে রেফারিকে ‘দুর্বল’ আখ্যা দেন। রেফারিও তাঁর ‘শক্তি’ লাল কার্ড দেখিয়ে মরিনহোকে ম্যাচের বাকি সময়টা ডাগ আউট থেকে নিষিদ্ধ করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধটা তাই ওয়েস্ট হামের ডিরেক্টরস বক্সে বসেই দেখতে হয়েছে মরিনহোকে, আসেননি ম্যাচ পরবর্তী বাধ্যতামূলক সংবাদ সম্মেলনেও।
শুধু লাল কার্ডেই পার পাচ্ছেন না মরিনহো, তাঁর শাস্তিটা আরও বড়ই হতে যাচ্ছে। ‘ড্রেসিংরুম ও এর আশপাশে রেফারিদের প্রতি বাজে ভাষা ব্যবহার ও আচরণগত অসদাচরণ’-এর দায়ে তাঁকে অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। একই অভিযোগ আনা হয়েছে পর্তুগিজ কোচের সহকারির বিরুদ্ধেও। আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযোগের উত্তর দিতে বলা হয়েছে দুজনকেই।
উত্তরটা যুক্তিগ্রাহ্য মনে না হলে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞাটা কার্যকর হয়ে যেতে পারে মরিনহোর বিরুদ্ধে। তবে এফএ শাস্তিটা কবে দেবে, তা-ই এখন দেখার বিষয়। আগামী সপ্তাহের মাঝামাঝিতে শাস্তিটা আসার সম্ভাবনা বেশি। তবে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই যদি রায়টা হয়ে যায়, সে ক্ষেত্রে আগামী শনিবার লিগে লিভারপুলের ম্যাচটায় ডাগ আউটে থাকতে পারবেন না মরিনহো। যে ম্যাচে হারলে হয়তো স্থায়ীভাবেই দলের ডাগ আউটে বসার অধিকার হারিয়ে ফেলতে পারেন চেলসির সবচেয়ে সফল কোচ। গুঞ্জন উঠেছে, ইয়ুর্গেন ক্লপের দলের কাছে হারলে চাকরিই চলে যাবে মরিনহোর। তথ্যসূত্র: টেলিগ্রাফ, বিবিসি।