আবারও শেষ মুহূর্তের রামোস জাদু, ম্যাচ বাঁচাল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে ড্র এনে দিয়েছেন রামোস। ছবি: রয়টার্স।
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে ড্র এনে দিয়েছেন রামোস। ছবি: রয়টার্স।

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দলগুলো এখন থেকে একটা মন্ত্র নিয়েই হয়তো নামবে, ম্যাচের শেষদিকে কোনোভাবেই সার্জিও রামোসকে বক্সে জায়গা দেওয়া যাবে না। 

শেষ মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ভাঙাটা যে অভ্যাস করে ফেলেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভেঙেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয়, এই মৌসুমেই ইউরোপিয়ান সুপার কাপে সেভিয়ার। দুবারই যোগ করা সময়ে গোল করে রিয়ালকে সমতায় ফিরিয়েছিলেন। আজ আরেকবার প্রতিপক্ষের হৃদয় ভাঙলেন রামোস। সম্ভবত সবচেয়ে বড় মর্যাদার প্রশ্নের ম্যাচে—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে, এল ক্লাসিকোতে। যে ম্যাচে হার কোনোভাবেই মেনে নেওয়ার মতো ফল নয়।
ঠিক সেটিই করলেন রামোস। ৯০ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এনে দিলেন আকাঙ্ক্ষিত ড্র। মৌসুমের প্রথম এল ক্লাসিকো শেষ হলো ১-১ গোলে।
দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে। দুটিই হলো ফ্রি কিক থেকে ভেসে আসা বলে হেড করে। ৫৩ মিনিটে নেইমারের ক্রসে মাথা ছুঁইয়ে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। অনেকটা ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ওই গোলেই যেন প্রাণ আসে ম্যাচে। প্রথমার্ধে সুযোগ বেশি পেয়েছিল রিয়াল। সেই হিসেবে দ্বিতীয়ার্ধটা বার্সেলোনারই। ৬৮ থেকে ৭১ মিনিটে একা নেইমারই দুটি সহজ সুযোগ মিস করেছেন। এর মধ্যে ৬৮ মিনিটে যেভাবে মিস করেছেন, সেটি তো চোখে লেগে থাকার মতো। মাত্র তিন-চার গজ দূর থেকে, গোলকিপারকে একা পেয়েও বল মেরেছেন বারের ওপর দিয়ে। মেসিও মিস করেছেন সহজ সুযোগ। ৮২ মিনিটে ইনিয়েস্তার পাস ধরে বক্সে ঢুকেও বল মারলেন বাইরে।
এত সুযোগ কাজে না লাগাতে পারারই মূল্য দিল বার্সা। ৮৯ মিনিটেই অবশ্য দারুণ একটা সুযোগ পেয়েছিলেন পুরো ম্যাচে অনেকটা নিষ্প্রভ হয়ে থাকা রোনালদো। অনেকটা লাফিয়ে হেড করেছিলেন, কিন্তু দুরূহ কোণ থেকে করা হেডটা পোস্টে রাখতে পারলেন না।
কিন্তু তাতেও সমস্যা হলো না রিয়ালের। রামোস যে তাঁর ‘৯০-মিনিটের জাদু’ দেখাবেন বলে ঠিক করে রেখেছিলেন। দেখালেনও। তাতে টানা অপরাজিত থাকার রেকর্ডটাকে ৩৩-এ নিয়ে গেল জিনেদিন জিদানের দল।
বার্সার জন্য ম্যাচটা এক পয়েন্ট পাওয়ার চেয়েও বেশি দুই পয়েন্ট হারানোটা। রিয়ালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেছিল লুইস এনরিকের দল। জিতলে ব্যবধানটা নেমে যেত তিনে। এখন সেটি ছয়েই থাকল ।