আবারও সিটিই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরোর গোলেই হাসল ইতিহাদ স্টেডিয়াম। কাল তাঁর গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি l এএফপি
আগুয়েরোর গোলেই হাসল ইতিহাদ স্টেডিয়াম। কাল তাঁর গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি l এএফপি

আগের তিনটি ম্যাচ গেছে জয়হীন। ম্যানচেস্টার সিটি একটু কোণঠাসা হয়েই নেমেছিল মাঠে। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবেই, সার্জিও আগুয়েরোর গোলে কাল হারিয়ে দিল তারা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে (১-০)। সর্বশেষ চারটি ম্যানচেস্টার ডার্বিই জিতল সিটি, ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে টানা চারটি জয়ের কীর্তি শুধু লিভারপুলেরই আছে।
স্কোরলাইনের সঙ্গে অবশ্য ম্যাচের একদমই মিল নেই। গোল হয়েছে একটি, হতে পারত অন্তত আরও কয়েকটি। সুযোগ বেশি পেয়েছিল সিটিই। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল। ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া দুর্দান্ত দুটি সেভ করেছেন। প্রথমার্ধেই আবার ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
১০ জনের ইউনাইটেডকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেপে ধরে সিটি। কাঙ্ক্ষিত গোলটির জন্য অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট পর্যন্ত। ইয়াইয়া তোরের পাস থেকে গোল করেন আগুয়েরো। সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এই গোলেই ছুঁয়ে ফেললেন দুই অঙ্ক, লিগে সবচেয়ে বেশি গোল তাঁর। ইউনাইটেড অবশ্য এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছে, তবে ডি মারিয়া, ফেলাইনিরা কাজে লাগাতে পারেননি সুযোগগুলো। ১০ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ২০, ইউনাইটেডের পয়েন্ট সেই ১৩। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।