আবারও সুয়ারেজের কামড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের জোড়া গোলেই ম্যাচ জিতেছে বার্সেলোনা। রয়টার্স।
সুয়ারেজের জোড়া গোলেই ম্যাচ জিতেছে বার্সেলোনা। রয়টার্স।

সেই যে লিভারপুল ছাড়লেন, তারপর আর ইংল্যান্ডে আসা হয়নি সুয়ারেজের। কাল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে এসে আবারও ইংল্যান্ডের জল-হাওয়া দর্শন। সম্ভবত তাতেই কি না, আবার দেখা মিলল পুরোনো চেহারার সুয়ারেজের! ম্যাচের ৯২ মিনিটে মার্টিন ডেমিচেলিসের হাতে কামড়ে দিতে চেয়েছিলেন সুয়ারেজ—টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে সে প্রমাণই মিলেছে!
সুয়ারেজ যখন বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হন, তখন কামড়সংক্রান্ত একটি বিধিতেও স্বাক্ষর করতে হয়েছিল তাঁকে! এই মৌসুমজুড়ে সুয়ারেজ ভালোই ছিলেন, কামড়-কাণ্ডের পুনরাবৃত্তি আর ঘটেনি। কিন্তু কাল যেন ‘স্বরূপে’ দেখা দিলেন তিনি। ম্যাচের প্রথমার্ধে সুয়ারেজের দুই গোলেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। হ্যাটট্রিকটা হতেই পারত তাঁর। তবে দ্বিতীয়ার্ধে সিটির উজ্জীবিত পারফরম্যান্সের মরিয়া চেষ্টা সত্ত্বেও হ্যাটট্রিকটা পূরণ হয়নি তাঁর। ডেমিচিলিসের হাতে কামড়ে দিতে উদ্যত হওয়া কি সেই হতাশাতেই?
তাৎক্ষণিকভাবে ডেমিচিলিস এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। প্রতিক্রিয়া জানায়নি ম্যানচেস্টার সিটিও। এখন দেখা যাক, এ নিয়ে কোনো জলঘোলা হয় কি না! সূত্র: মেইল অনলাইন।