আবারও সেই রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেডের প্রথম গোলের পর রুনির উদ্যাপন। পরশু  আর্সেনালের বিপক্ষে  l এএফপি
ইউনাইটেডের প্রথম গোলের পর রুনির উদ্যাপন। পরশু আর্সেনালের বিপক্ষে l এএফপি

ওয়েইন রুনির সঙ্গে আর্সেনালের বোধ হয় কোনো দৈব যোগাযোগ আছে। নইলে আর্সেনালকে পেলেই কেন বারবার এমন জ্বলে উঠবেন! পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছিলেন আর্সেনালের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটাও তা-ই। প্রিমিয়ার লিগে নিজের শততম গোলের প্রতিপক্ষ? আর্সেনাল। লন্ডনের এই ক্লাবের বিপক্ষে ১১ গোল হয়ে গেছে, আর কোনো খেলোয়াড়ের আর্সেনালের বিপক্ষে এত গোল নেই। পরশু গোল পাওয়াটাও তাহলে নিয়তি ছিল!
৮৭ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে পাওয়া বলটা যখন রুনি দুর্দান্ত এক ফিনিশিংয়ে জালে জড়িয়ে দিলেন, এমিরেটসকে তখন জড়িয়ে ধরেছে নিস্তব্ধতা। তার আগেই কাইরেন গিবসের আত্মঘাতী গোলে ১ গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল, রুনির গোলে তাই জয়ই নিশ্চিত হলো ইউনাইটেডের। শেষ দিকে অ্যাঙ্গেল ডি মারিয়া ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারতেন, তবে গোলরক্ষককে একা পেয়েও পারেননি গোল করতে। অতিরিক্ত সময়ের শেষে আর্সেনালের অলিভিয়ের জিরু গোল করলেও সেটি শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
অথচ ২-১ স্কোরলাইন কিন্তু ম্যাচের ছবিটা একদমই তুলে ধরতে পারছে না। অবিশ্বাস্যই মনে হবে, রুনির গোলটাই ছিল আর্সেনালের পোস্টে ইউনাইটেডের প্রথম শট। অথচ আর্সেনাল মুহুর্মুহু আক্রমণ করে গেছে তার আগে। কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। গোটা তিনেক সেভ করেছেন। এর পরও ইউনাইটেড কোচ ফন গাল মনে করেন ডি গিয়াকে আরও উন্নতি করতে হবে, ‘তার এই খেলা দেখে আমরা অভ্যস্ত। কিন্তু আরও বেশ কিছু জায়গায় তার উন্নতি করার সুযোগ আছে। মনে করতে পারেন আমি আবোলতাবোল বকছি, কিন্তু বিশ্বাস করুন, আমি জেনেশুনেই বলছি।’
ওল্ড ট্রাফোর্ডের বাইরে পরশুই প্রথম জয় পেলেন লুই ফন গাল। এই জয়ে ইউনাইটেড ফিরেছে শীর্ষ চারে। রুনি অবশ্য দাবি করছেন ম্যাচটা পরিকল্পনা অনুযায়ীই হয়েছে, ‘ম্যাচটা অন্য রকম ছিল। বল ওদের নিয়ন্ত্রণে ছিল, আমরা প্রতি-আক্রমণে ওদের ভড়কে দিয়েছি। এটাই ছিল পরিকল্পনা। আর্সেন ওয়েঙ্গার স্বাভাবিকভাবেই হতাশ, ‘সামান্য ভুলের কারণে আমরা হেরে গিয়েছি, শূন্য হাতে ম্যাচটা শেষ করাটা খুবই হতাশাজনক।’
চেলসি অবশ্য জিতেই চলছে, পরশু ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারিয়ে মরিনহোর দলই সবার ওপরে। লা লিগায় যেমন রিয়াল মাদ্রিদ এগিয়ে চলেছে শীর্ষস্থান ধরে রেখে। পরশু এইবারকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল, জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। করিম বেনজেমা ও হামেস রদ্রিগেজ করেছেন অন্য দুটি। বুন্দেসলিগায় হফেনহেইমের সঙ্গে বায়ার্নের জয়টাও একই ব্যবধানের। তবে এই জয়েও সন্তুষ্ট নন কোচ পেপ গার্দিওলা, ‘জয়টা একটু বেশিই বড় হয়ে গেছে। মাঠে যেটি ঘটেছে স্কোরলাইন সেটা দেখাচ্ছে না।’ মারিও গোটশে, রবার্ট লেভানডফস্কি, আরিয়েন রোবেন ও সেবাস্টিয়ান রোডে করেছেন গোল চারটি।
মাসিমিলিয়ানো অ্যালেগ্রির ধারণা আবার অন্য রকম। সিরি ‘আ’তে লাৎসিওর বিপক্ষে ৩-০ গোলে জিতে জুভেন্টাস কোচ উচ্ছ্বসিত, ‘এটাই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স।’ জোড়া গোল করেছেন পল পগবা, অন্য গোলটি কার্লোস তেভেজের। এএফপি।