আবারও হার চেলসির, ব্যবধান কমিয়েছে ডর্টমুন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসিকে হতাশা উপহার দিল বোর্নমাউথ। ছবি: এএফপি।
চেলসিকে হতাশা উপহার দিল বোর্নমাউথ। ছবি: এএফপি।

অবনমন অঞ্চলের সঙ্গে এ মৌসুমে যেন একটা ‘দোস্তি’ হয়ে গেছে চেলসির। যেন হরিহর আত্মা— কাছাকাছি না থাকলে যাদের চলেই না। না হলে এভাবে কেন বারবার অবনমন অঞ্চলের কাছাকাছিই থাকতে চাইবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা!
এই তো নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পর চেলসি তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছিল, একটি ড্র। পয়েন্ট তালিকায়ও উঠে এসেছিল ১১-তে। মনে হচ্ছিল, দুঃসময়টাকেই পেছনে রেখে উঠে আসছে দলটি। সেই ভাবনায় লাগল আরেকটি ধাক্কা। ঘরের মাঠে শনিবার বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি। এই এক হারেই তারা আবার ফেরত গেল অবনমন অঞ্চলের কাছাকাছি। ১৮ নম্বরে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে ১৪ নম্বরে থাকা চেলসির ব্যবধান এখন তিন পয়েন্ট।
ম্যাচটা ছিল এক অর্থে দুই ‘চ্যাম্পিয়নে’র লড়াই। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উঠে এসেছিল বোর্নমাউথ, আর চেলসি জিতেছিল গতবারের প্রিমিয়ার লিগ। ‘মর্যাদা’র এই ম্যাচটিতে বোর্নমাউথের জয় অবশ্য কতটা তাদের অগ্রগতি বোঝায়, আর কতটা চেলসির পিছিয়ে যাওয়া— এ নিয়ে তর্ক হতেই পারে।
তবে গতকালের ম্যাচটিতে বোর্নমাউথ জিতেছে যোগ্য দল হিসেবেই। লিগে অনেক ম্যাচেই স্রেফ দুর্ভাগ্যের কারণে হেরেছিল তারা, তবে স্ট্যামফোর্ড ব্রিজে কাল আর সেটা হতে দেয়নি তারা। বরং জয়টা এসেছে কিছুটা ভাগ্যের পরশ পেয়েই। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে ৩-৪ গজ দূর থেকে বোর্নমাউথ ফরোয়ার্ড গ্লেন মারে হেড করে দলকে জিতিয়েছেন। তবে হেড করার আগে মারে অফসাইড ছিলেন কি না এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক আছে ডিফেন্ডার সিমন ফ্রান্সিসের হাতে লাগা বলে পেনাল্টি হতে পারত কি না তা নিয়েও।
চেলসিও সুযোগ কম পায়নি। পেদ্রো, কস্তা কিংবা এখনো মৌসুমের প্রথম গোলের খোঁজে থাকা এডেন হ্যাজার্ড কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে জিততে পারত তারাও। কোচ হোসে মরিনহোও বেঁচে যেতেন, তাঁকে সংবাদ সম্মেলনে এসে সম্ভাব্য অবনমনের লড়াই নিয়ে কথা বলতে হতো না। ম্যাচ শেষে ‘যথারীতি’ রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তবে সংবাদ সম্মেলনে মরিনহোকে মুখোমুখি হতে হয়েছে এই অপ্রিয় প্রশ্নটিরও— ‘চেলসির কী তাহলে অবনমন বাঁচাতে লড়তে হবে?’ দৃঢ়ভাবেই অবশ্য এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন চেলসি কোচ। তবে মৌসুমের শুরুর প্রথম লক্ষ্য ‘সেরা চারে থাকা’ও এখন অর্জন কঠিন হবে মনে করেন মরিনহো। সংবাদ সম্মেলনে বললেন, ‘চেলসি কখনোই অবনমন বাঁচাতে লড়বে না— কোনো সম্ভাবনাই নেই। চেলসি ম্যাচ জিতবে আর এখান থেকে বেরিয়ে আসবে। সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে, আমাদের লক্ষ্য ছিল সেরা চারে থাকা। সম্ভবত সেটি বাদ দিয়ে আমাদের এখন সেরা ছয়ে থাকার চেষ্টা করতে হবে।’
এই মৌসুমে প্রিমিয়ার লিগে চেলসির যে অবস্থা, গত মৌসুমে এমন সময়ে জার্মান বুন্দেসলিগায় প্রায় একই অবস্থা ছিল বরুসিয়া ডর্টমুন্ডের। মৌসুমের শেষ দিকে অবশ্য স্বরূপে ফিরেছিল তারা। এবারও নতুন কোচ টমাস টুখেলের অধীনে মৌসুমের শুরু থেকেই চেনা রূপেই দেখা দিচ্ছে ডর্টমুন্ড। কালও রুদ্ধশ্বাস ম্যাচে ভলফসবুর্গকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে রয়েসরা। ২০১৪ সালের মার্চের পর এই প্রথম ভলফসবুর্গকে তাদের মাঠে কেউ হারাল।
অবশ্য এই জয়ের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে লিগ শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে এখন পয়েন্ট ব্যবধান নেমে এসেছে ৫-এ। গতকালই লিগে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে পেপ গার্দিওলার বায়ার্ন। তার সুফলটা কী দুর্দান্তভাবেই না তুলে নিল ডর্টমুন্ড!
ম্যাচের আগেই বায়ার্নের হারের খবর এসে গিয়েছিল। ওই উদ্দীপনা থেকেই কিনা, পাঁচ মিনিটের মধ্যেই দুবার ভলফসবুর্গের গোলবার কাঁপিয়ে দিয়েছে ডর্টমুন্ড। প্রথমে ফ্রি-কিক থেকে গুন্ডোগানের শট, পরে মাখিতারিয়ানের ক্রস থেকে সভেন বেন্ডারের হেড ফিরে আসে বারে লেগে। গোল পেতে ডর্টমুন্ডকে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। ডর্টমুন্ডকে গোল করে এগিয়ে দেন মার্কে রয়েস।
তবে আসল নাটক হয়েছে ম্যাচের শেষদিকে। ৯১ মিনিটে রেফারির দয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে ভলফসবুর্গকে সমতায় ফেরান রিকার্ডো রদ্রিগেজ। ভলফসবুর্গ হয়তো ভাবছিল, ‘যাক বাবা! ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা বেঁচে গেল!’ কিন্তু সেই ভাবনাটা টিকল মাত্র এক মিনিট। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে গোল করে দলকে জিতিয়ে দেন ডর্টমুন্ড মিডফিল্ডার শিনজি কাগাওয়া। লিগের অন্য ম্যাচে হাভিয়ের হার্নান্দেজের গোল সত্ত্বেও হার্থা বার্লিনের কাছে ২-১ গোলে হেরেছে লেভারকুসেন।

শেষ মুহূর্তের নাটকীয়তাতেই জয় ডর্টমুন্ডের। ছবি: এএফপি।
শেষ মুহূর্তের নাটকীয়তাতেই জয় ডর্টমুন্ডের। ছবি: এএফপি।

এদিকে ইতালিয়ান লিগে অ্যাডাম লিয়াইচের ফ্রি-কিক থেকে পাওয়া গোলে জেনোয়াকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এ জয়ে আবারও লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল রবার্তো মানচিনির দল। অবশ্য গঞ্জালো হিগুয়েইনের নাপোলিরও থাকছে শীর্ষে ফেরার সম্ভাবনা। গত সপ্তাহেই ইন্টারকে হারিয়ে শীর্ষে ওঠা নাপোলি যে খেলবে বোলোনিয়ার সঙ্গে। আজ জিতলে আবার শীর্ষস্থানটা চলে যাবে তাদের দখলে। অন্য ম্যাচে রোমা ১-১ গোলে ড্র করেছে তুরিনোর সঙ্গে। ফ্রেঞ্চ লিগে মোনাকো ২-১ গোলে জিতেছে বাস্তিয়ার সঙ্গে। তবে লিওঁ নিজের মাঠে ২-০ গোলে হেরেছে অ্যাঞ্জারসের কাছে। তথ্যসূত্র: এএফপি।