আবারও হার শেখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের সঙ্গে আগেই মিতালি পাতিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। নবম ম্যাচে এসে প্রায় ১০ কোটি টাকার দলটি প্রথম জয় পেয়েছিল সিলেটে ঢাকা মোহামেডানকে হারিয়ে। কিন্তু সেটি হলো ক্ষণস্থায়ী, কপালে সুখ সইল না এতটুকু! ঢাকায় কাল দশম রাউন্ডের প্রথম দিনে আবার হেরে যাওয়া দলের নাম শেখ রাসেল। প্রিমিয়ার লিগে তাদের সপ্তম হারের স্বাদ দিয়েছে আরামবাগ।
নির্দিষ্ট করে বললে ব্রাজিলিয়ান স্ট্রাইকার থিয়াগো টাইসন হয়ে উঠলেন শেখ রাসেলের হন্তারক। ৩৬ মিনিটে বক্সের ওপর থেকে নেওয়া তাঁর শট শেখ রাসেলের মিডফিল্ডার রাজুর গায়ে লেগে জালে। প্রতি আক্রমণে খেলা আরামবাগ এই গোল ধরে রেখেই মাঠ ছেড়েছে। যদিও আক্রমণে তাদের অন্যতম আস্থা আবদুল্লাহ ভালো খেলতে পারেননি।
জাতীয় দলের ভুটান-লজ্জার প্রতিফলন থাকল ওই সফর থেকে ফেরা অন্যদের পায়েও। দুই দলেই খেললেন বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়। নৈপুণ্য দেখাতে পারেনি কেউই। মনে হচ্ছিল ভুটান ভূত তাড়া করছে সবাইকে। আরামবাগের কোচ সাইফুল বারী নাকি আগেই এমন কিছু আঁচ করতে পেরেছিলেন, ‘খুব স্বাভাবিকভাবেই ভুটান-ব্যর্থতার একটা ছায়া পড়েছে ওই ম্যাচ খেলে আসা ফুটবলারদের মধ্যে।’
পুরো ফিট না হলেও মাঠে নেমেছিলেন শেখ রাসেলের আক্রমণের মূল ভরসা আগের ম্যাচের জয়সূচক গোলদাতা পল এমিল। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই চোট নিয়ে বেরিয়ে যেতে হলো ক্যামেরুনের এই স্ট্রাইকারকে। স্বাভাবিকভাবেই আক্রমণে আর সেভাবে ধার ছিল না শেখ রাসেলের। ইকাঙ্গার কাছে তারা লম্বা বল ফেলেছে বেশি। যা সামলে নিতে তেমন একটা কষ্ট হয়নি আরামবাগ রক্ষণের। এমিলি-মিঠুনদের সহজে সামলে নিয়েছেন সাইফুল বারীর শিষ্যরা।
সিলেটে ফেনী সকারকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া আরামবাগের টানা দুই জয়ের পর এখন পয়েন্ট ১৪। ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট শেখ রাসেলের, পড়ে আছে ১১ দলের মধ্যে দশম স্থানে।