আবারও হারল চেলসি
হোসে মরিনহোর ফাঁড়াটা যেন কাটছেই না। এ মৌসুমের শুরু থেকেই চেলসি একের পর এক হোঁচট খাচ্ছে। কাল গুডিসন পার্কে খেল আরও একবার। স্টিভ নেইস্মিথের দুর্দান্ত হ্যাটট্রিকে এভারটনের কাছে ৩-১ গোলে হেরে গেছে হোসে মরিনহোর দল। এই প্রথম মরিনহোর চেলসির বিপক্ষে লিগে কেউ হ্যাটট্রিক করল, সেটাও বদলি খেলোয়াড় হিসেবে নেমে! প্রিমিয়ার লিগের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে নেমে হ্যাটট্রিকের ষষ্ঠ ঘটনা এটি। এ নিয়ে লিগে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হারল চেলসি। ১৯৮৮ সালের পর লিগে এটা তাদের সবচেয়ে বাজে শুরু।
ওদিকে ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে ড্যালি ব্লিন্ড ও ৭০ মিনিটে হেক্টর হেরেরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। ৮৪ মিনিটে লিভারপুলের হয়ে একটা গোল শোধ করেন ক্রিস্টিয়ান বেনটেকে। কিন্তু দুই মিনিট পরেই ইউনাইটেডের জার্সিতে অভিষেকে গোল করে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে আনন্দের বন্যা বইয়ে দেন ১৯ বছর বয়সী অ্যান্টনি মার্শাল। স্টার স্পোর্টস।
এক নজরে ফল
| ইউনাইটেড | ৩ : ১ | লিভারপুল |
| এভারটন | ৩ : ১ | চেলসি |
| আর্সেনাল | ২ : ০ | স্টোক সিটি |
| ক্রিস্টাল প্যালেস | ০ : ১ | ম্যান সিটি |
| এসপানিওল | ০ : ৬ | রিয়াল মাদ্রিদ |
| বায়ার্ন | ২ : ১ | অগসবুর্গ |
| লেভারকুসেন | ০ : ১ | ডার্মস্টাট |
| হ্যানোভার | ২ : ৪ | ডর্টমুন্ড |
| হার্থা | ২ : ১ | স্টুটগার্ট |
* প্রথমে স্বাগতিক দল