আবাহনী এবার খেলো ৫ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপ স্ট্রাইকার আলী ফাসিরকে আবাহনীর তিনজন মিলেও রুখতে পারেননি। ছবি: এএফপি
মালদ্বীপ স্ট্রাইকার আলী ফাসিরকে আবাহনীর তিনজন মিলেও রুখতে পারেননি। ছবি: এএফপি
>আজ এএফসি কাপে মালদ্বীপ ক্লাবের কাছে ৫-১ গোলে হেরেছে আবাহনী
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম পর্বে এই দলের কাছেই আবাহনী হেরেছিল ১-০ গোলে

দেশের ফুটবল খাতা কলমে পেশাদার জগতে নাম লেখানোর পর প্রিমিয়ার লিগের দশ আসরের মধ্যে ছয় বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শেষ দুই আসরের টানা চ্যাম্পিয়নও তারা। এক কথায় দেশের ফুটবলে আবাহনী হলো ‘বাঘ’। কিন্তু বিদেশের মাঠে নামলেই খুঁজে পাওয়া যায় না বাংলাদেশ চ্যাম্পিয়নদের। মালেতে অনুষ্ঠিত এএফসি কাপে আজ মালদ্বীপের নিউ রেডিয়ান্টের বিপক্ষে ৫-১ গোলে হেরেছে আবাহনী।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে এক গোল করে দলকে জেতানো স্ট্রাইকার আলী ফাসির আজ করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন আলী আশফাক। আবাহনীর হয়ে একটি গোল পরিশোধ করেছেন জাপানি মিডফিল্ডার সেইয়া কোজিমা।

ঘরের মাঠে ১৯ মিনিটেই এগিয়ে যায় রেডিয়ান্ট। কিন্তু ৪৬ মিনিটে জাপানি মিডফিল্ডার সেইয়া কোজিমার গোল ঢাকা আবাহনীকে ম্যাচে ফেরালে জমে ওঠে ম্যাচ। আসলে সেটা ছিল মৌচাকে ঢিল ! না হলে কি আর বাকি সময়ে চার গোল দেয় মালদ্বীপের ক্লাবটি। ৫১ ও ৫৬ মিনিটে আলী ফাসির আরও দুই গোল করে ভোজবাজির মতো পাল্টে দিলেন ম্যাচের ছবি।

ফাসিরের গোল উৎসব দেখে হয়তো বর্ষীয়ান আলী আশফাক ভাবলেন তাঁরও গোল করা উচিত। তিনিও গোল উৎসবে যোগ দিলেন ৫৮ মিনিটে। সাত মিনিটে (৫১-৫৮) আবাহনী গোল হজম করে তিনটি। এরপরও গোলের ক্ষুধা মেটেনি আশফাকের। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে আবাহনীকে পরিয়ে দেন গোলের মালা।

এই হারে এক ম্যাচ বাকি রেখেই পাঁচ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় আবাহনীর। এর আগে চার বার এএফসি প্রেসিডেন্টস কাপ খেলে একবারও দ্বিতীয় পর্বে যেতে পারেনি তারা।