আবাহনী ক্লাবে করোনার হানা
প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। কিন্তু লিগ শুরুর আগে বড় একটা দুঃসংবাদ পেতে হলো আবাহনীকে। আকাশি–নীল শিবিরে হানা দিয়েছে করোনা। হঠাৎ করেই করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ ফুটবলার—রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান। এ ছাড়া ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমনও করোনা পজিটিভি হয়েছেন।
ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুসারে গত পরশু রুটিন কোভিড টেস্ট করানো হয় আবাহনী ক্লাবের ফুটবলার, ম্যানেজার, কোচিং স্টাফ, বয়-বাবুর্চিসহ ৪৫ জনের। এর মধ্যে সব মিলিয়ে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনার তেমন কোনো লক্ষণ নেই বলেই জানালেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। এ জন্যই টেস্ট করানো হয়েছে সবাইকে। এরপরই দেখলাম ফুটবলারসহ সাতজন করোনায় আক্রান্ত।’
করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরপরই তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানালেন সত্যজিৎ দাস, ‘আমরা রিপোর্ট হাতে পাওয়ার পরই ওদের অন্য ভবনে সরিয়ে রেখেছি। যদিও ওদের কারও মধ্যেই করোনার কোনো লক্ষণ নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই এমনটা করা হয়েছে। অনেকে তো পজিটিভ হওয়ার খবর শুনে অবাকই হয়েছে।’
পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। তবু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে একাদশ গড়তে খুব বেশি সমস্যা হবে না বলেও দাবি করলেন সত্যজিৎ দাস। ৭ জানুয়ারি ফেডারেশন কাপের সেমিফাইনালে বসন্ধুরা কিংসের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে আবাহনী।