আবাহনী তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে আসছে বাংলাদেশ-ভারত ফুটবল উত্তাপ! লোভনীয় সেই স্বাদ এনে দিচ্ছে এএফসি কাপ ফুটবলের ‘ই’ গ্রুপ। যেখানে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আবাহনী, ভারতের দুটি দল এএফসি কাপে গতবারের রানার্সআপ জেএসডব্লু বেঙ্গালুরু এফসি ও মোহনবাগানের লড়াইটা আকর্ষণ জাগাচ্ছে। গ্রুপের চতুর্থ দল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ভিত্তিক এই টুর্নামেন্ট এক অর্থে দক্ষিণ এশিয়ার ক্লাব-শ্রেষ্ঠত্বের লড়াইও।

১৪ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর এএফসি কাপ মিশন শুরু। পরের ম্যাচ ৪ এপ্রিল সনি নর্দের মোহনবাগানের সঙ্গে কলকাতায়। দুই দলের ফিরতি ম্যাচ ৩১ মে ঢাকায়। জেএসডব্লুর সঙ্গে আবাহনীর ম্যাচ দুটি ১৮ এপ্রিল ও ৩ মে (ঢাকা)। সব ম্যাচই দেখাবে স্টার স্পোর্টস।

তবে ক্লাব নয়। আবাহনী ক্লাব ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে ‘দেশ’ শব্দটাই বারবার এল ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদের মুখে,‌ ‘আবাহনী এখানে দেশের হয়ে খেলবে। তাই সমর্থকদের উচিত দলে দলে মাঠে আসা। আবাহনী সবার মন ভরাতে চেষ্টা করবে।’

কিন্তু সত্যিটা হলো, আবাহনী শক্তি হারিয়ে ফেলেছে অনেক। লিগে দুর্দান্ত খেলা ব্রিটিশ প্লে-মেকার লি টাক পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। সর্বোচ্চ গোলদাতা সানডে সিজোবার চোট। বিদেশি কোটায় নেওয়া হয়েছে এমেকা ডার্লিংটন, সামাদ ইউসুফ ও জোনাথনকে। এঁরা খেলবেন জোড়াতালি দিয়ে গড়া নতুন আবাহনীর সঙ্গী হয়ে। যে দলের কাছে ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর আশা অনেক, ‘আশা করি আমরা পরের রাউন্ডে যাব।’

এএফসি প্রেসিডেন্টস কাপে আবাহনী চারবার খেলেও গ্রুপের বাধা পেরোতে পারেনি। দুবার গোলগড়ে বাদ পড়েছে। এই প্রথম এএফসি কাপে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে ক্লাব সবকিছুই করবে। সংবাদ সম্মেলনে ক্লাবটির পরিচালক কাজী ইনাম আহমেদ দিলেন সেই প্রতিশ্রুতিই।