আবাহনী থেকে ‘ভালো অভিজ্ঞতা’ নিয়ে ফিরলেন কাবরেরা

আজ আবাহনীতে অনুশীলন দেখতে গিয়েছিলেন কাবরেরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাত্রই। কিন্তু মার্চের আগে জাতীয় দলের খেলা নেই। তাই আপাতত ঢাকার শীর্ষ ক্লাবগুলো পরিদর্শনে নেমেছেন জামাল ভূঁইয়াদের নতুন কোচ হাভিয়ের কাবরেরা।

আজ প্রথম দিনে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের অনুশীলন দেখেন তরুণ এই স্প্যানিশ কোচ। বিকেলে ধানমন্ডির ক্লাবটির অনুশীলনের আগে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মাঠে দাঁড়িয়েই। সন্ধ্যার পর বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির সঙ্গে ক্লাব ছেড়ে যান। ফেরার সময় বললেন, ‘এখানে এসে ভালো অভিজ্ঞতাই হলো।’

জাতীয় দলের গোলরক্ষক শহীদুল আলমের সঙ্গে কাবরেরা
ছবি: প্রথম আলো

তার আগে বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি আবাহনী নিয়ে জানান নিজের মুগ্ধতা, ‘আমি জানি আবাহনী দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সেরা ক্লাব। এই ক্লাবে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। মারিও লেমোসকে (আবাহনী কোচ) বিশেষ ধন্যবাদ দেব। খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত হচ্ছে তারা। এখানে এসে দেখলাম পরিবেশ বেশ ভালো। আবাহনী ক্লাবটি বেশ সুন্দর, অনুশীলন সুবিধাও ভালো। এখানে আমার ভালো সময়ই কেটেছে।’

জামাল ভূঁইয়া ও তারিক কাজীদের মতো প্রবাসী ফুটবল জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। এ–সংক্রান্ত এক প্রশ্নে কাবরেরার কথা, ‘আমি জামাল ও তারিককে চিনি। ডেনমার্ক ও ফিনল্যান্ডে ওরা বড় হয়েছে। জামাল বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণ খেলোয়াড়দের জন্য অন্যতম উদাহরণ সে। তারিকও ভালো ফুটবলার। সত্যি বলতে তাদের সঙ্গে অনুশীলন করার জন্য মুখিয়ে আছি।’

নাবীব নেওয়াজের সঙ্গে কাবরেরা
ছবি: প্রথম আলো

অতীতে সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফও ঢাকার বিভিন্ন ক্লাব পরিদর্শন করেন। ডিডো বা সর্বশেষ জেমি ডেও ক্লাবের অনুশীলন দেখতে যেতেন। তারই ধারাবাহিকতায় আজ আবাহনী ক্লাবে এসে ৩৭ বছর বয়সী কাবরেরা বলেন, ‌‘আমি ক্লাবগুলো পরিদর্শন করছি এ দেশের ফুটবল অবকাঠামো বুঝতে। জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর আগে সব পেশাদার দল দেখার প্রয়োজন আছে। কীভাবে তারা কাজ করছে, সেটা আমাকে দেখতে হবে। কারণ, খেলোয়াড়েরা ক্লাবের কাছেই থাকে সারা বছর।'

ফুটবল উন্নয়নে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন কোচ। বলছেন, ‘জাতীয় দল ও ক্লাবের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করা আজকের দিনে বড় বিষয়। বাংলাদেশে এসে আমি আগেই বলেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা জাতীয় দল তৈরি করা আমার লক্ষ্য। আমি চাই শৃঙলাবদ্ধ খেলোয়াড় এবং দলকে জয় এনে দিতে।’

আবাহনীর অনুশীলন দেখতে গিয়েছিলেন কাবরেরা
ছবি: প্রথম আলো

আবাহনীর অনুশীলন দেখতে এলেও কাবরেরাকে কথা বলতে হয়েছে ঘুরেফিরে জাতীয় দল নিয়েই। জাতীয় দল গড়া প্রসঙ্গে স্প্যানিশ কোচ আগেই নিজের চিন্তাভাবনার কথা জানান সংবাদ সম্মেলনে। কাল বলেন, ‘একটি ভালো জাতীয় দল গড়তে আমাদের কয়েকটি দিক নিয়ে কাজ করার সুযোগ আছে। যেমন টেকনিক্যাল, পারফরম্যান্স, স্কাউটিং, মেডিকেল। আমাদের হাই পারফরম্যান্স দল গড়তে হবে। পেশাগত দিক দিয়ে কীভাবে ভালো জাতীয় দল গড়া যায়, সেটা দেখাও দরকার।’

তা কী বার্তা দিলেন খেলোয়াড়দের? কাবরেরা উত্তর, ‘খেলোয়াড়দের উদ্দেশে আমার বার্তা হলো, ওদের সঙ্গে আমি সুসম্পর্ক তৈরি করতে চাই। কোচ ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক থাকলে ভালো কিছু বেরিয়ে আসবে বলেই আমার বিশ্বাস। আমি এখানকার সব পেশাদার খেলোয়াড়কেই দেখব, যাদের জাতীয় দলে জায়গা পাওয়ার সুযোগ আছে।’

আবাহনী কোচ লেমোসের সঙ্গে কাবরেরা
ছবি: প্রথম আলো

আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ বললেন, ‘নতুন কোচ লিগ শুরুর আগে ক্লাবগুলো পরিদর্শন করে খেলোয়াড় ও ক্লাব সংস্কৃতির একটি ধারণা নিচ্ছেন। ৩ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হলে তিনি বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখবেন, যা তাঁর দল গঠনে সহায়ক হবে।’

আবাহনী কোচ মারিও লেমোস সন্ধ্যা পর্যন্ত অনুশীলন চালিয়ে গেলেন। অনুশীলন শেষে বলে গেলেন, ‘কাবরেরা জাতীয় দল গড়তে আমার সহায়তা চেয়েছেন। কয়েকজন ফুটবলারের ব্যাপারে জানতে চেয়েছেন। আমি তাঁকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছি। দেখা যাক সামনে কী হয়।’