আবাহনী, না শেখ জামাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালালের (রহ.) মাজারের গলির মুখেই হোটেল হলিগেট। তিন তারকা মানের এই হোটেলে অলস দুপুরে যখন ভাতঘুম দিচ্ছেন আবাহনীর ফুটবলাররা, শহরের আখালিয়ার বিজিবি মাঠে তখন অনুশীলনে শেখ জামাল। সিলেট জেলা স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে চারটায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি শিরোপাপ্রত্যাশী এই দুই দল। এবারের লিগে আজই প্রথম মুখোমুখি হবে আবাহনী-শেখ জামাল।

আবাহনী কাল দুপুরের বিমানে ঢাকা থেকে সিলেট এসেছে সকালে নিজেদের মাঠে অনুশীলন সেরে তবেই। বাফুফের দায়িত্বহীনতায় সিলেটে এখন পর্যন্ত ভালো মানের অনুশীলন মাঠের সুবিধা পাচ্ছে না কোনো দলই। ক্লাবগুলোর যেন অভিযোগের অন্ত নেই! অনুশীলন-সুবিধা না পেয়ে বাধ্য হয়েই গত সোমবার ঢাকায় ফিরে যায় আবাহনী। ক্ষুব্ধ জর্জ কোটান কালও হোটেল রুমে বসে বলছিলেন, ‘বাংলাদেশের ফুটবলের জন্যই এটা খুব লজ্জার ব্যাপার। সিলেট দেশের অন্যতম বড় শহর, ৫ লাখের ওপরে জনবসতি, কিন্তু তারা অনুশীলনের জন্য আমাদের একটা ফুটবল মাঠ দিতে পারেনি। ছেলেদের নিয়ে এখানে অনুশীলন করতে পারছি না, এটা অসম্ভব।’

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগে সবার ওপরে শেখ জামাল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে থাকায় রহমতগঞ্জের পর তৃতীয় স্থানে আবাহনী। আজ জিতলে শীর্ষে ওঠার সুযোগ আকাশি-নীলদের। তবে আবাহনীর সীমানাটা এখানেই শেষ হচ্ছে না। লিগের চারবারের চ্যাম্পিয়ন আবাহনী, তিনবার জিতেছে শেখ জামাল। এবার জিতলে হ্যাটট্রিকসহ চারবার শিরোপা নেবে জামাল। আবাহনী নিশ্চয়ই সেটি হতে দিতে চাইবে না। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল স্বাধীনতা কাপে। আবাহনী তাতে ৬-০ গোলে চূর্ণ করেছিল শেখ জামালকে। আবাহনী আজ তাই বেশি আত্মবিশ্বাসী।

শেখ রাসেলের বিপক্ষে আগের ম্যাচে চোট খেলতে দেয়নি সানডে সিজোবাকে। লি টাক একা দলকে টানতে পারেননি, পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছিল আবাহনী। আজ অবশ্য দুজন একসঙ্গে আবাহনীর আক্রমণের ধার বাড়াবেন। তবে শেখ জামালেও রয়েছে আক্রমণের ত্রিফলা—ওয়েডসন আনসেলমে, ল্যান্ডিং দারবোয়ে ও এমেকা ডার্লিংটন। লড়াইটা তাই হবে সমানে সমান।

সিলেটে এসেই ব্রাদার্সের সঙ্গে ৯ গোলের এক রেকর্ডময় ম্যাচে জিতেছে শেখ জামাল। সেই কারণেই কি না কাল অনুশীলনে বেশ নির্ভার দেখাচ্ছিল শেখ জামালের নতুন কোচ স্টেফান হ্যানসনকে। মাঠে ফুটবলারদের সঙ্গে সারাক্ষণ হাসিঠাট্টা করলেন। তবে মাঠে যতই নির্ভার দেখাক না কেন আজকের ম্যাচ নিয়ে বেশ সতর্কই এই সুইডিশ, ‘আমি কোনোভাবেই এই ম্যাচ হারতে চাই না।’ দিনের অন্য ম্যাচে তলানিতে থাকা শেখ রাসেল মুখোমুখি হবে ধুঁকতে থাকা আরেক দল মোহামেডানের।