আবাহনী না শেখ রাসেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শক্তি-সামর্থ্যে খুব বেশি ব্যবধান নেই দুই দলের। তবু ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে আবাহনী। আটবারের চ্যাম্পিয়নদের অতীত ইতিহাসই যে বড় এক অনুপ্রেরণার নাম। মাত্র একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল আবারও শিরোপা জয়ের জন্য দিচ্ছে নিজেদের সর্বস্ব ঢেলে লড়াই করার প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী মুখোমুখি হচ্ছে শেখ রাসেলের।
এই তো গত এপ্রিলেই স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে শেখ রাসেল হেরেছিল আবাহনীর তরুণ ফরোয়ার্ড জুয়েল রানার একমাত্র গোলে। এই মৌসুমে আবাহনীর কাছে হারের সেই ক্ষতে প্রলেপ দিতে চায় শেখ রাসেল।
স্বাধীনতা কাপে ক্রোয়াট কোচ দ্রাগো মামিচের অধীনে মাত্র দুটি ম্যাচ খেলেই ফাইনালে ওঠে আবাহনী। কিন্তু চট্টগ্রাম আবাহনী মৌসুমের প্রথম টুর্নামেন্টটি তাদের জিততে দেয়নি। এরপর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের অধীনে এই টুর্নামেন্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে আবাহনী। গ্রুপ পর্বে আরামবাগের কাছে হারতে হয়েছে তাদের, যদিও আরামবাগ কাল ফাইনালেই উঠে গেছে বিজেএমসিকে হারিয়ে। আবাহনীর বড় ভরসা লি টাক, সানডে ও সারা কামারা। আক্রমণভাগের এই ত্রিফলার পাশাপাশি জুয়েল রানাও জ্বলে উঠলে আকাশি-নীল দলটি জিততেই পারে। কিন্তু কোটানকে দুশ্চিন্তায় ফেলেছেন লি টাক। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন অনুশীলনে, তাঁর সেমিফাইনালে খেলা নিয়েই এখন সংশয়। কাল অনুশীলনও করেননি এই ব্রিটিশ ফুটবলার।
শেখ রাসেলের বড় অস্ত্র পল এমিলি ও ফিকরু তেফেরা। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শাখাওয়াত রনি ও জাহিদ হাসান এমিলি চোটে পড়ে অনেক দিন ধরেই দর্শক। তাই ম্যাচ জয়ের চ্যালেঞ্জটা বিদেশিদেরই নিতে হবে। তবে কোচ মারুফুল হকের ভাবনাজুড়ে শুধু জয়, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ফাইনালে ওঠার জন্যই মাঠে নামবে ছেলেরা।’