গত দুই মৌসুম ঘরোয়া ফুটবলে একটি ট্রফিও পায়নি আবাহনী। ট্রফি-খরা কাটাতে ‘নতুন দল’ গড়ে তোলার পথে হাঁটছেন কর্তারা। আসন্ন মৌসুমে একঝাঁক ‘নতুন খেলোয়াড়’ আসছে দলটিতে।
আরেক বড় দল মোহামেডান অবশ্য গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছে। তার আগের মৌসুমে ঘরে তুলেছিল সুপার কাপ। তবে গত বছর বড় বাজেটের দল গড়েও লিগে খারাপ করেছে। এবার তাই মোহামেডান-কর্তারা শক্তিশালী দল গড়ার ব্যাপারে নিরুৎসাহী। গতবারের ‘তারকা’রা দল ছেড়ে যাওয়া নিশ্চিত করে ফেলেছেন। আবাহনী-মোহামেডান ভালো দল না গড়লে দর্শক মাঠে আসতে চায় না, এটা প্রমাণিত। ঢাকার ফুটবলে দর্শক-ভাটা প্রায় দেড় যুগ ধরে। তার পরও এ দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখনো আবাহনী-মোহামেডান। কিন্তু শেখ জামাল-শেখ রাসেলের আধিপত্যে দুই দর্শকপ্রিয় দলই একটু কোণঠাসা। এই দল দুটি পর্দার আড়ালে ঘর গুছিয়ে ফেলেছে বেশ আগেই। এরা ঘর গোছানোর পর বাজারে প্রথম সারির যেসব খেলোয়াড় অবশিষ্ট ছিলেন তাঁদের দিকে হাত বাড়িয়েছে আবাহনী। মোহামেডান নড়াচড়া শুরু করেছে আবাহনীরও পরে।
১১ নভেম্বর নতুন মৌসুমের দলবদল শুরু। দুই প্রধানের অন্দরমহলের যা খবর, আবাহনী নামের প্রতি সুবিচার করে একটা দল গড়তে চাইছে, মোহামেডান সে পথেই নেই। ফুটবল দল গড়ার সঙ্গে সম্পৃক্ত মোহামেডানের এক পরিচালক বললেন, ‘আমরা তারুণ্যনির্ভর নতুন একটা দল গড়ছি। কিছু খেলোয়াড়কে খবর দিয়েছি, তারা এলে কথা বলব।’ আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু নতুন খেলোয়াড় নিয়ে দল গড়ার পক্ষে, ‘পুরোনো দল দিয়ে তো হলো না। আমরা গত দুই মৌসুম সাফল্য না পাওয়ায় এবার নতুন দল করছি।’
আবাহনীর পুরোনো মুখ সুজন, ওয়ালি ফয়সাল, মিশু, ভাসানী, আরমান আজিজ, সোহেল, সৈকত, শরিফুলেরা এবার থাকছেন না। তাঁদের অনেকেই নতুন দল খুঁজে নিয়েছেন বেশ আগে। তাঁরা দল ছাড়ায় স্বাভাবিকভাবেই নতুন দল গড়তে হতো আবাহনীকে। সে ক্ষেত্রে পরিকল্পনা করেই দলে পরিবর্তন আনা হচ্ছে, আবারও এমন দাবি করলেন রূপু, ‘আমরা এবার পুরোনো দলটা রাখতাম না এটা নিশ্চিতই ছিল।’
এদিকে মোহামেডান আগে থেকেই ঠিক করে রেখেছে, এবার আর তারকার পেছনে ছোটা নয়। কিন্তু তারকা তকমাধারী খেলোয়াড়েরা বসে নেই। ওই খেলোয়াড়েরা অনেক আগেই অন্য দল থেকে টাকা নিয়েছেন। এমন অবস্থায় গতবারের সবুজ, অরুপসহ আরও দু-চারজনের সঙ্গে কথা হয়েছে মোহামেডানের, কথা বলেছেন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লবও। পুরোনো দলের হাতে গোনা তিন-চারজনকে এবার দেখা যেতে পারে সাদা-কালোয়। এরই মধে৵ এমিলি, আরিফ, ওয়াহেদ, মামুন খান, নাহিদেরা দল ছাড়া নিশ্চিতই করে ফেলেছেন। জাহিদকে মোহামেডানই দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে, তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাফুফে। সিদ্ধান্ত যাই হোক, জাহিদও মোহামেডানের খরচের খাতায়।
আবাহনী ১০-১২ দিন পর যাচ্ছে ভুটানের কিংস কাপে খেলতে। সেটিকে সামনে রেখেই তারা অনুশীলনে রেখেছে ‘নতুন খেলোয়াড়’ জিয়া, মামুন মিয়া, আরিফ, ফাহাদ, ইমন বাবু, ওমর ফারুক, শাকিল, সজীব ও ওয়াহেদকে। আবাহনীর পুরোনোদের মধ্যে রয়েছেন: নাসির, প্রাণতোষ, তৌহিদ। এটাই হয়তো আসন্ন মৌসুমের আবাহনী।
কিন্তু মোহামেডান শেষ পর্যন্ত কেমন চেহারা নেবে বলা কঠিন। সমর্থকদের জন্য উৎসাহব্যঞ্জক কিছু নেই। কর্তারা বলেন, তারকা তকমাধারীদের নিয়েও গত লিগে ৪ নম্বর হওয়াটা চরম হতাশাজনক। তাই ‘একবার না পারিলে দেখ শতবার’ প্রবাদটা অনুসরণ করতে রাজি নয় মোহামেডান।