আবাহনী-মোহামেডানের নীরব দলবদল
অনেকটা নীরবেই দলবদল করল দেশের ফুটবলের সবচেয়ে বড় দুই নাম আবাহনী ও মোহামেডান। কাল বিকেলে মাত্র দু-তিনজন কর্মকর্তা নিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করেছে আবাহনী। সন্ধ্যায় একইভাবে মোহামেডানও তাদের খেলোয়াড় তালিকা জমা দিয়েছে বাফুফেকে।
গত দুই মৌসুমে আবাহনী পেশাদার লিগের শিরোপা জিততে পারেনি। চারবারের চ্যাম্পিয়নরা এবার অভিজ্ঞ আর তরুণদের নিয়ে দল গড়েছে। গত মৌসুমের ১৩ জন ফুটবলারকে ধরে রেখেছে আবাহনী। গোলরক্ষক জিয়াউর রহমান এসেছেন শেখ জামাল ধানমন্ডি থেকে, মোহামেডান থেকে এসেছেন আরিফ, ইমন, ওয়াহেদ, নাহিদুল ও নাইজেরিয়ান ফেলিক্স। শেখ রাসেলের শাকিল, মামুন, বিজেএমসির সজীব, শাকিল জুনিয়র, চট্টগ্রাম আবাহনীর ফাহাদ, ফেনী সকারের আবু সুফিয়ান, আরামবাগের মিতুল ও চ্যাম্পিয়নশিপের দল উত্তর বারিধারার খালেকুজ্জামানও যোগ দিয়েছেন আবাহনীতে। তিন হাঙ্গেরিয়ান ফুটবলারের মধ্যে মিডফিল্ডার গাবোর দেমেন ও স্ট্রাইকার সােবালস চরবার সঙ্গে নাইজেরিয়ার তায়ো ইফাবিয়িকে নিবন্ধন করিয়ে ঘরটা বেশ মজবুত করেছে আবাহনী। আর তো আছেনই ঘানার ওসেই মরিসন ও সামাদ ইউসুফ। আবাহনী অনূর্ধ্ব-১৬ দলের টুটুল হোসেন বাদশাও সুযোগ পেয়েছে পেশাদার লিগে নাম লেখানোর। অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান এই দলটিকে নিয়ে কতদূর যেতে পারেন সেটাই এখন দেখার।
পেশাদার লিগের সাত মৌসুমে শিরোপার স্বাদ পায়নি মোহামেডান। এবারও সাদামাটা দল গড়েছে সাদা-কালোরা। অভিজ্ঞদের মধ্যে শুধু আরমান আজিজ, এসেছেন আবাহনী থেকে। শেখ জামাল থেকে যোগ দিয়েছেন হাসান আল মামুন। দলের বেশির ভাগই তরুণ খেলোয়াড়। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক বিপু আহমেদের পেশাদার লিগে অভিষেক হতে পারে। চমক-জাগানো কোনো বিদেশি খেলোয়াড়ও নেই। বিজেএমসির ফরোয়ার্ড গিনির ইসমাইল বাঙ্গুরাকে নিয়েছে তারা, মুক্তিযোদ্ধা থেকে এসেছেন এলিটা বেঞ্জামিন। আর নতুন তিন বিদেশি গিনির মহম্মদ কামারা, মানসাস ইয়ালা ও বোবাকার কিয়েটাও মোহামেডানে খেলতে এসেছেন কালই। গতবারের মতো এবার বিদেশি কোচ নেয়নি মোহামেডান, দায়িত্ব দিয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা আনা জসিমউদ্দিন আহমেদ জোসীকে।
আসন্ন ঘরোয়া মৌসুমের স্থানীয় খেলোয়াড়দের দলবদলের আনুষ্ঠানিকতা কালই শেষ হলো, তিন দফা সূচি বদলানোর পর। শেষ দিনে আবাহনী ও মোহামেডানের সঙ্গে দলবদল সেরেছে ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী ও ফরাশগঞ্জ। বিদেশি খেলোয়াড়দের নাম নিবন্ধনের শেষ দিন আজ।