আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটার গুরুত্ব নেই ঠিকই, তারপরও আবাহনী-মোহামেডান লড়াই তো! রক্তে নাচনতোলা একসময়ের এই ম্যাচটি কয়েক বছর ধরেই নিস্তরঙ্গ। শেখ জামাল ধানমন্ডি এবার প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলায় এটি আকর্ষণ হারিয়েছে আরও। কিন্তু আবাহনী-মোহামেডান ম্যাচ বলেই অতীতের কঙ্কালেও কিছু রোমাঞ্চ মনে হয় অবশিষ্ট রাখে। সেদিক থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু দুই দলের ফিরতি লিগ লড়াইটা দর্শকদের মাঠে আসার একটা উপলক্ষ হতেই পারে।
এই ম্যাচের আগে বিকেলে সোয়া ৪টায় শুরু ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে দুই দলই। রহমতগঞ্জকে হারালে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ রানার্সআপ হয়ে যাবে শেখ রাসেল। ম্যাচটা ড্র হলে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া মোহামেডানের সামনে রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে, সে ক্ষেত্রে আবাহনীর সঙ্গে তাদের জিততেই হবে। আবাহনীর রানার্সআপ হওয়ার বাস্তব সম্ভাবনা খুবই ক্ষীণ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আকাশি-নীল দল বাকি দুটি ম্যাচ খেলছে আসলে খেলার জন্য। ২০ আগস্ট তাদের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে।
আবাহনী-মোহামেডান দুই শিবিরই অনেকটা গা ছেড়ে দিয়েছে। কোনো প্রেরণা নেই, খেলোয়াড়দের মনও খেলায় নেই। তবে যেহেতু আবাহনী-মোহামেডান লড়াই, মর্যাদার ব্যাপারটা তো থেকেই যায়। দুই কোচও সেটিই বললেন। মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি যেমন বললেন, ‘শেষটা জয় দিয়েই করতে চাই। আবাহনীকে হারানোর আনন্দটা পেতে চাই।’
আবাহনী কোচ অমলেশ সেনের কথাও একই রকম। তবে লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে হেরে যাওয়ায় ফিরতি ম্যাচটা জিততে চান আবাহনীর কোচ, ‘ম্যাচের গুরুত্ব না থাকুক, মোহামেডানকে হারানোর তৃপ্তি তো থাকে!’
দুই দলের খেলোয়াড়েরাও আছেন সেই তৃপ্তির খোঁজে।