
একদল সমর্থকের উপস্থিতিতে আবাহনীর ড্রেসিংরুমের ভেতরে-বাইরে তখন গমগম করছে। ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠার ক্ষণটা উপভোগ করছিলেন সবাই।
ড্রেসিংরুম থেকে বেরিয়ে ডিফেন্ডার ওয়ালী ফয়সাল চওড়া হাসি ফুটিয়ে তোলেন মুখে, ‘এবার ট্রফিটা নিতেই হবে।’ আবাহনীর ‘ঘরের ছেলে’ মিডফিল্ডার প্রাণতোষ, সহকারী কোচ নজরুলসহ সবাই যেন ট্রফির জন্য তৃষ্ণার্ত।
মৌসুমে কালকের আগ পর্যন্ত ৯ ম্যাচে মাত্র চার জয়। দুটিই অনেক বড় জয়, বিজেএমসিকে ৫-০, স্বাধীনতা কাপের সেমিতে শেখ জামালকে ৬-০! তিন ড্র, দুই হার। সেই আবাহনীই শেষ তিন ম্যাচে গোল পেয়েছে মাত্র একটি। ১৬ গোলের ১৫টিই বিদেশিদের। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র গোল জুয়েল রানার।
২০১১-১২ মৌসুমে পঞ্চম পেশাদার লিগ জেতাই শেষ, আবাহনীর ঘরে সাফল্যের আলো আর জ্বলেনি। সেই আলোর সন্ধানে জর্জ কোটানের এই আবাহনী পথ হাতড়ে চলে। ১০-১৫ মিনিট বল পজেশন রেখে গোছানো খেলতে খেলতেই মোমবাতির মতো নিভে যায়। কোনো ধারাবাহিকতা নেই।
সাদা চুলের চিরচেনা কোটান তাই খেদোক্তি করেন, ‘ছেলেরা কিছু সময় ভালো খেলে আর ম্যাচে থাকে না।’ তবে পিছিয়ে পড়েও স্নায়ুচাপের কোয়ার্টার ফাইনাল উতরে যাওয়ার তৃপ্তিও তাঁর সঙ্গী। যদিও আবাহনীর দুটি গোল নিয়েই ব্রাদার্সের আছে প্রবল আপত্তি।
৬৯ মিনিটে মাপা শটে ১-১ করেন আবাহনীর বদলি উইঙ্গার জুয়েল রানা। বক্সের ওপর বলটা নিয়ন্ত্রণে নিতে গিয়ে জুয়েলের হাতে লেগেছে। হ্যান্ডবল চেয়ে গোল বাতিলের দাবি তোলে ব্রাদার্স। জুয়েল নিজে ম্যাচের পর বললেন, ‘বলটা আমার কোমরে ঘেঁষে পরে হাতে লেগেছে। তবে এটা ইচ্ছাকৃত নয় বলেই রেফারি হ্যান্ডবল ধরেননি।’
৮২ মিনিটে আবাহনীর জয়সূচক গোলের পটভূমি তৈরি হয় ছন্দে থাকা ব্রিটিশ ফরোয়ার্ড লি টাকের তোলা ক্রসে। ম্যাচসেরা সানডের হেড ক্রসবারে লেগে নিচে পড়ার আগেই হেডে ক্লিয়ার করেন ব্রাদার্সের ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইউনুসা। সহকারী রেফারি হারুনুর রশিদ গোলের সংকেত দিলে রেফারি মিজানুর রহমান বাজান গোলের বাঁশি। অর্থাৎ সহকারী রেফারির মতে, বলটা গোললাইনের ভেতর থেকেই হেড করেছেন আব্বাস।
কিন্তু গোলের প্রতিবাদে ব্রাদার্সের গোটা টেন্ট তেড়েফুঁড়ে ছোটে রেফারিকে মারতে। বলবয় রাজু রেফারি ও সহকারীকে লাথি-ঘুষি মারতে থাকে। সহকারী ম্যানেজার হাশেম মোল্লা ছাড়িয়ে যান বলবয়কে, তিনি সহকারী রেফারি ও রেফারিকে শারীরিকভাবে হেনস্তা করেন, কিল-ঘুষি-লাথি কিছুই বাদ রাখেননি। ম্যানেজার আমের খান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মাঝখানে বাধা হয়ে না দাঁড়ালে বড় অঘটনই ঘটত। তবু যেটুকু ঘটেছে তা-ই ন্যক্কারজনক।
আগের দিন শেখ রাসেলের বিপক্ষে অফসাইডের দাবি তুলে গোল বাতিল চেয়ে হইচই করেছে রহমতগঞ্জ। গোল নিয়ে গোলমাল কিছুদিন বিরতি দিয়ে আবার যেন ফিরে এসেছে। আমের খান এ জন্য দায়ী করছেন রেফারিকে, ‘এমন রেফারিং হলে দেশে ফুটবল চলবে না। পরিষ্কার হ্যান্ডবলেও গোল পেল আবাহনী। গোললাইন অতিক্রম না করলেও তাদের গোল দিল!’ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু অবশ্য তা মানতে নারাজ, ‘জেনুইন গোল হলে রেফারি গোল দেবেই। আব্বাস ২ ফুট ভেতরে দাঁড়িয়ে হেড করল, এর চেয়ে পরিষ্কার গোল আর হয় না।’
তবে হারলেও ব্রাদার্সের গর্বিতই হওয়া উচিত। নতুন কোচ বাল গোপাল মহারজন টিম স্পিরিট অনেক বাড়িয়েছেন। কাল তো ৩৫ মিনিটে গোল করে সেমির স্বপ্নটা উজ্জ্বলই করেছিলেন শেখ জামালের বিপক্ষে ২ গোল করা ওয়ালসন। ম্যাচ ব্রাদার্স জিততে পারেনি, কিন্তু রেফারিকে লাঞ্ছিত করার ঘটনাটা ছাড়া সমর্থকদের মন তারা জিতেছে।