দ্রুত পাস। দ্রুত জায়গা বদল। প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে গোল আদায়। আবাহনীকে বদলে ফেলেছেন জর্জ কোটান। ফলটা মিলল অবশ্য কাল, তাদের দ্বিতীয় ম্যাচে।
প্রথম ম্যাচে লড়াকু রহমতগঞ্জ শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছিল আবাহনীকে (২-২)। কাল দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ আবাহনী আর দেয়নি। পাসিং ফুটবল খেলেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে হাতে। আগের ম্যাচের মতো ভুল করেনি। বরং ফেনী সকারের রক্ষণকে রেখেছে ব্যস্ত। এই আবাহনীকে বড় জয় থেকে বঞ্চিত করার সাধ্য ছিল না ফেনী সকারের।
জয়ের ব্যবধান ৪-০। প্রথম তিনটি গোল দুই হাঙ্গেরিয়ান ফরোয়ার্ডের। প্রথম ম্যাচেও গোল করেছিলেন তাঁরাই। খুব নজরকাড়া কিছু করেননি তাঁরা, তবে প্রয়োজনীয় গোল বের করেছেন। এখন পর্যন্ত যথেষ্ট কার্যকরই দেখাচ্ছে দুজনকে।
গাবর কোনাকুনি প্লেসিংয়ে ১-০ করেন। পরের দুটি গোল চরবার। তাঁর প্রথম ও দলের দ্বিতীয় গোল ফ্লিক করে, পরেরটি অবশ্য প্লেসিং। মুক্তিযোদ্ধার এনামুলের সঙ্গে চরবারও গোল তিনটি। প্রথমার্ধে ২-০ করে আবাহনী অনেকটাই চাপমুক্ত হয়ে যায়। অতিরিক্ত সময়ে ডিফেন্ডার মামুন মিয়া হেসেখেলেই চতুর্থ গোলটা করে বেরিয়ে আসেন। দুই দলই তখন শেষ বাঁশি শোনার অপেক্ষায়।
প্রিমিয়ার লিগে দুই ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪। সমান ম্যাচে শেখ জামাল ও মুক্তিযোদ্ধার ৬ পয়েন্ট। মোহামেডান এক ম্যাচ খেলে ৩। অন্যতম শিরোপাপ্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র আজই খেলছে প্রথম ম্যাচ। দুই ম্যাচেই হারল ফেনী সকার।