আবাহনীকে জেতালেন লি টাক

ঘামে শরীর ভিজে একাকার। দুই হাতে উলকি আঁকা। ৯০ মিনিট সারা মাঠ দাপিয়েও লি টাক তবু এতটুকু ক্লান্ত নন। ম্যাচের একমাত্র গোলটি করে আবাহনীকে ফেডারেশন কাপের শেষ আটে তুলে দেওয়ার তৃপ্তিই বরং ম্যাচ শেষে চোখ মুখে ফুটে বেরোচ্ছিল। এই ইংলিশ ফরোয়ার্ডের হাত ধরে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ফেডারেশন কাপে আবাহনীর আগেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আরামবাগ, মুক্তিযোদ্ধা, শেখ জামাল ও ব্রাদার্স।
প্রথম ম্যাচে আরামবাগের কাছে হার আবাহনীর শেষ আটে যাওয়াই অনিশ্চিত করে তুলেছিল। আজ জয় ছাড়া কোনো উপায়ই ছিল না। ড্র হলেই বাদ। এমন ম্যাচে দলের সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন লি টাক। আক্রমণ থেকে রক্ষণ সবই করলেন এ মাসেই ২৮ বছরে পা দিতে যাওয়া লি টাক। ম্যাচ শুরুর ৪০ সেকেন্ডে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে আবাহনীকে বড় জয়ের স্বপ্ন দেখান। কিন্তু এরপর সাত-আটটি সহজ সুযোগ পেলেও আকাশি নীলেরা আর গোল বাড়তে পারেনি।
লি টাক ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ইস্ত্রি। সেটি অবশ্য নিজের কাছে রাখছেন না, ‘ওটা আমি দলের এক স্টাফকে দিয়ে দিয়েছি।’ উপহার নয়, ম্যাচ সেরার স্বীকৃতিটাই তাঁর কাছে বড়। জানালেন, আগামী বছর থাইল্যান্ডে তাঁর বিয়ের অনুষ্ঠান হবে। পাত্রী অবশ্য তাঁরই স্বদেশি। ব্যাংককে ছয় বছর খেলে বাংলাদেশে মাস দুয়েক আগে এসেছেন। প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন নাকি মানিয়েই নিয়েছেন, ‘এখানকার আবহাওয়া, খাবার সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছ। এখন আর সেভাবে সমস্যা হয় না।’