আবাহনীকে জেতালেন সানডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগের প্রথম পর্ব থেকেই কেন সানডে সিজোবাকে দলে নেওয়া যায়নি এখন হয়তো এই আফসোসটাই হচ্ছে আবাহনীর। প্রথম পর্বের ১০ ম্যাচে সানডেবিহীন আবাহনী করেছিল মাত্র ১৩ গোল। অথচ দ্বিতীয় পর্বের চার ম্যাচেই আবাহনী প্রতিপক্ষের জালে দিয়েছে ১০ গোল। এর ৭টিই সানডের। দ্বিতীয় পর্বে আবাহনীতে যোগ দেওয়া এই নাইজেরিয়ান স্ট্রাইকার প্রতি ম্যাচেই গোল পেয়েছেন। কাল সানডের জোড়া গোলের কল্যাণে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে আকাশি-নীল দল। ৩ ও ৩৩ মিনিটে সানডের গোলের পর আবাহনীর তৃতীয় গোলটি করেন নাসির, ৬০ মিনিটে। এর আগে ৫৪ মিনিটে গোল করে বিজেএমসিকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন এলিটা কিংসলে। কালকের জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল আবাহনী। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে বিজেএমসি।