আবাহনীকে জয়ে ফেরালেন গাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেলের কাছে হারের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠেছে আবাহনী। জয়ের ধারায় ফেরার মিশনে কাল তারা ব্রাদার্সকে হারিয়েছে গাবর ডেমিয়েনের একমাত্র গোলে।
ব্রাদার্স টানা তিনটি ম্যাচ জিতে রীতিমতো আকাশে উড়ছিল। মুক্তিযোদ্ধার সঙ্গে আগের ম্যাচেই রোমাঞ্চকর জয় (৫-২)। সেই ব্রাদার্সকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য বড় স্বস্তির ব্যাপার।
৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ জামালের পেছনেই আছে আবাহনী। সমান ম্যাচে ৪ জয়, ১ ড্র ও ১ হার—১৩ পয়েন্ট। শুরুতেই প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে ৫ পয়েন্ট দূরত্ব। এখনো ১৪ ম্যাচ বাকি। অনেক কিছুই ঘটতে পারে। আবাহনী কোচ জর্জ কোটান তাই তাকিয়ে সেদিকেই।
আবাহনী কাল পাসিং ফুটবল খেলার চেষ্টায় মোটামুটি সফল। জয়ের তাড়না শুরু থেকেই ফুটে উঠছিল খেলোয়াড়দের শরীরী ভাষায়। গোল পেতেও বেশি দেরি হয়নি। পরিকল্পিত আক্রমণ থেকেই গোলটা এসেছে। ব্রাদার্সের তিনজন ডিফেন্ডার দাঁড়িয়ে ছিলেন। গাবর ডেমিয়েন ঠান্ডা মাথায় বলটা পাঠান জালে। লিগে এটি তাঁর চতুর্থ গোল। স্বদেশি চরবার গোলও চারটি। আবাহনী ছয় ম্যাচে করেছে ১১ গোল, যার আটটিই দুই হাঙ্গেরিয়ানের। এঁদের নিয়ে খুব একটা আলোচনা নেই, তবে কাজের কাজটা তাঁরা করে চলেছেন নীরবেই।
অনেক দূরে যাওয়ার সম্ভাবনা দেখানো ব্রাদার্সের কালকের হারটা শ্রেয়তর দলের কাছেই। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স রয়েছে চতুর্থ স্থানে। ১২ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা তিনে।