আবাহনীকে ডুবিয়ে আবার বাঁচালেনও ব্রাজিলিয়ান দরিয়েলতন

দরিয়েলতন দলকে জেতাতে পারেননি, তবে গোল করে হার এড়িয়েছেনছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটা দরিয়েলতন গোমেজই তো! মাঠে তাঁর পারফরম্যান্স দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, ওটাই আবাহনীর দরিয়েলতন।

বাংলাদেশে আসার পর থেকেই আবাহনী লিমিটেডের স্ট্রাইকারের পায়ে গোলের মেলা বসেছে। প্রথম দুটি টুর্নামেন্টে চারটি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা। তাঁর একমাত্র গোলেই টঙ্গীতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভ সূচনা পায় আবাহনী।

স্বাভাবিকভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ঘিরে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে আবাহনী। আজ মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনীকে ডোবানোর বন্দোবস্ত প্রায় করেই ফেলেছিলেন দরিয়েলতন। পরে আবার আবাহনীকে বাঁচিয়েছেনও তিনি।

দিনটা দরিয়েলতনের ছিল না, ছিল না আবাহনীরও
ছবি: তানভীর আহাম্মেদ

গোল যাঁর কাছে মুড়িমুড়কির মতো, সেই দরিয়েলতন আজ পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ। আরেকবার গোলকিপারকে একা পেয়ে বল পোস্টেই রাখতে পারলেন না। ম্যাচটা যখন আবাহনীর ১-০ গোলে হারের দিকে যাচ্ছিল, যোগ করা সময়ে দরিয়েলতন গোল করে আবাহনীকে বাঁচালেন বড় অঘটনের হাত থেকে। অন্য যেকোনো সময়ে বাংলাদেশ পুলিশ ক্লাবের বিপক্ষে আবাহনীর ১-১ গোলের ড্রটাকে অঘটন বলতে হতো। কিন্তু আজ আবাহনীর জন্য হার এড়ানোটাই স্বস্তির।

শেষ বাঁশি পর্যন্ত যেভাবে খেলেছে দুই দল, তাতে জয়ের আশা ছিল উভয় দলেরই। গোলের সুযোগ নষ্ট হয়েছে একাধিক। একটি করে দুর্দান্ত সেভও করেছেন দুই দলের গোলকিপার। তবে দরিয়েলতন যা করেছেন, ম্যাচ শেষে ‘হাইলাইটস’দেখলে হয়তো নিজেই হতাশায় ভুগবেন।

৪১ মিনিটে লেফটব্যাক আকিবুর রহমান বক্সের মধ্যে জুয়েল রানাকে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। স্পটকিক থেকে ক্রসবারের ওপর দিয়ে বল বাইরে মারেন দরিয়েলতন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি মিসের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পান দরিয়েলতন। লেফটব্যাক নুরুল নাইমের ক্রসে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। দারুণ নিয়ন্ত্রণে নেওয়ার পর তাঁর সামনে শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন পুলিশের গোলকিপার মোহাম্মদ নেহাল। ক্রসবারের ওপর দিয়ে বল আবারও বাইরে মারেন দরিয়েলতন।

পুলিশ আজ জিততেও পারত
ছবি: তানভীর আহাম্মেদ

ততক্ষণে কোচ মারিও লেমোস বুঝে গেছেন, দলের প্লেমেকার রাফায়েল আগুস্তোকে ছাড়া আজ হবে না। পুরো ফিট না থাকলেও ৬৬ মিনিটে বদলি হিসেবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে নামান তিনি। আগুস্তো মানিয়ে নেওয়ার আগেই পাল্টা ঝলক দেখান পুলিশের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডেনিলসন। বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে পুলিশকে এগিয়ে নেন তিনি।

লিগে আবাহনীর বিপক্ষে পুলিশের প্রথম জয়ের সুবাস পাওয়া যাচ্ছিল। শাপমোচন করে সেটি হতে দিলেন না দরিয়েলতন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দানিয়েল কলিনদ্রেসের ক্রসে গোলমুখ থেকে হেডে গোলটি করেন তিনি।

পুলিশের জন্য যোগ করা সময়টি হয়ে যায় অপয়া। আগের ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল পুলিশ। আজ হাতছাড়া হলো জেতা ম্যাচ। তবু ম্যাচ শেষে সন্তুষ্ট পুলিশের রোমানিয়ান কোচ আরিস্তিকা সিওবা, ‘ম্যাচটা যে কেউ জিততে পারত। যেভাবে খেলা হয়েছে, ১-১ গোলে ড্রকে আমি যথার্থ ফল (ফেয়ার রেজাল্ট) বলব। আবাহনীর মতো বড় দলের বিপক্ষে ১ পয়েন্ট পাওয়াতেই আমি সন্তুষ্ট।’ দুই ম্যাচে পুলিশের পয়েন্ট ১ আর আবাহনীর ৪।