আবাহনীকে ফিফার ক্ষতিপূরণ
কোনো ফুটবলার সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে আহত হলে ফিফা থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়। এই সুবিধা এত দিন নিতে পারছিল না বাংলাদেশ। অবশেষে এই প্রথম আবাহনীর স্ট্রাইকার আতিকুর রহমান ফাহাদের মাধ্যমে সেই ক্ষতিপূরণ এল। গত ২৪ মার্চ আম্মানে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জর্ডানের কাছে বাংলাদেশের ৮-০ গোলে উড়ে যাওয়া ম্যাচে চোট পান ফাহাদ। তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ফিফার কাছে পাঠালে ফিফা তা গ্রহণ করেছে।
ক্ষতিপূরণটা অবশ্য ফাহাদ নয়, ক্লাবকে দেওয়া হচ্ছে। কারণ, ক্লাব খেলোয়াড়ের ওপর বিনিয়োগ করেছে। ফাহাদের সঙ্গে আবাহনীর চুক্তি পর্যালোচনা করে বিশ্ব ফুটবল সংস্থাটি আবাহনীকে ১ লাখ ৭৭ হাজার ৫৪৩ টাকা ১৭ পয়সা ক্ষতিপূরণ দিচ্ছে।
ফাহাদ এক মাসের মধ্যে মাঠে ফিরলে এই ক্ষতিপূরণ অবশ্য পাওয়া যেত না। এ ধরনের ঘটনায় কোনো ফুটবলার এক মাসেরও বেশি চিকিৎসাধীন থাকলে ক্ষতিপূরণ দিয়ে থাকে ফিফা। ফাহাদের জন্য প্রতিদিন ১৬৪৩ টাকা করে ৬০ দিনের টাকা পাচ্ছে আবাহনী। একই সঙ্গে ‘সামাজিক নিরাপত্তা’ খাতে তাঁর জন্য দৈনিক বরাদ্দ ১৩১৫ টাকা।