আবাহনীকে মাটিতে নামাল ফরাশগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেই উল্লাসে মেতে উঠলেন ফরাশগঞ্জের জয়ের নায়ক তাহিদুর জামান লিটন (সামনে)। উদ্‌যাপনে সঙ্গী হলেন সতীর্থরাও। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
গোল করেই উল্লাসে মেতে উঠলেন ফরাশগঞ্জের জয়ের নায়ক তাহিদুর জামান লিটন (সামনে)। উদ্‌যাপনে সঙ্গী হলেন সতীর্থরাও। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচ শেষ হতেই ফুটবলাররা জড়িয়ে ধরলেন কোচ আবু ইউসুফকে। ক্লাব কর্মকর্তা ও বেঞ্চে বসা ফুটবলাররাও উদ্‌যাপনে সঙ্গী হলেন। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ফরাশগঞ্জের উল্লাস তখন বাঁধনহারা। ম্যাচের একমাত্র গোলদাতা তাহিদুর জামানকে ঘিরেও কিছুক্ষণ আনন্দনৃত্য চলল সতীর্থদের।

অপ্রত্যাশিত এই পরাজয়ে প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে এসে অপরাজিত থাকার কীর্তিটা ভেঙে গেল আবাহনীর। গত মৌসুমে ২২ ম্যাচ অপরাজিত থেকে লিগ শিরোপা জেতে আবাহনী। এবারের মৌসুমে সাইফ স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়ে লিগ শুরু করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কাল দুপুরের ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ হয়ে পড়েছিল ভারী। তাতে স্বাভাবিক খেলতে পারেননি আবাহনীর এমেকা, সাদ, রুবেল মিয়ারা। তুলনায় অনভিজ্ঞ ফরাশগঞ্জের ফুটবলাররা খেলেছেন বেশ দাপটের সঙ্গেই। ফেডারেশন কাপের পর প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়া দলটি লিগের আগে মাত্র পাঁচ দিন অনুশীলন করেছে। এত অল্প অনুশীলনে বড় দলের বিপক্ষে এমন জয় ফরাশগঞ্জের ফুটবলারদের কাছে বিশাল এক অর্জন।

আবাহনীর লক্ষ্য ছিল দ্রুতই গোল বের করে নেওয়া। অথচ ৭৭ মিনিট পর্যন্ত আবাহনীকেই আটকে রাখে ফরাশগঞ্জ! সময় যতই গড়িয়েছে গোল না পাওয়ার চাপটা আরও বেশি করে জেঁকে বসেছে আবাহনীকে।

যদিও ৩৭ মিনিটে এগিয়ে যেতে পারত আবাহনীই। ডান প্রান্ত দিয়ে রুবেলের চমৎকার একটা ক্রসে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি সাদ উদ্দিন, বল পাঠিয়ে দেন বাইরে। ৫৩ মিনিটে রুবেলের শট সাইড পোস্টে লেগে ফেরে! এরপর ৭৮ মিনিটে ফরাশগঞ্জকে আনন্দের উপলক্ষ এনে দেন তাহিদুর। বক্সের মধ্যে ঢুকে পড়া তাহিদুরের কাছ থেকে শুয়ে পড়ে বল ক্লিয়ারের চেষ্টা করেছিলেন ডিফেন্ডার রায়হান। একই সঙ্গে গোলরক্ষক সোহেলও বল লুফে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সোহেলের হাত থেকে বেরিয়ে যাওয়া বলটি ঠান্ডা মাথায় জালে ঠেলে দেন তাহিদুর। বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি আবাহনী।

হারের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া আবাহনীর ফুটবলাররা মাঠ ছেড়ে গেছেন দ্রুতই। কোচ দ্রাগো মামিচকে পাওয়া গেল ড্রেসিংরুমের সামনে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচটা এভাবে হাতছাড়া হওয়ায় ক্রোয়াট কোচের মন খারাপ, ‘মাঠটা আসলে ফুটবল খেলার জন্য কঠিন ছিল। তারপরও ফরোয়ার্ডরা অনেক সুযোগ নষ্ট করেছে। চাপের মধ্যে ওরা মোটেও ভালো খেলেনি, গোল করতে পারেনি। ছেলেদের বলেছিলাম, সাইফ স্পোর্টিংয়ের চেয়েও কঠিন ম্যাচ হবে এটা। ফরাশগঞ্জকে হালকাভাবে নেব না বলে প্রস্তুতিটাও ভালো নিয়েছিলাম। শেষ পর্যন্ত হারতেই হলো।’

বিষণ্ন আবাহনীর পাশে জয়ের আনন্দে উদ্ভাসিত ফরাশগঞ্জ। জয়ের নায়ক তাহিদুর তখনো যেন রয়েছেন ঘোরের মধ্যে, ‘আবাহনীর বিপক্ষে গোল করে দলকে জেতাব, এমনটা মোটেও ভাবতে পারিনি। আজ রাতে তো ঘুমই হবে না।’