আবাহনীকে শেষ আটে নিলেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর জয়ের নায়ক রুবেল। ফাইল ছবি
আবাহনীর জয়ের নায়ক রুবেল। ফাইল ছবি

তীব্র গরম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রয়োজনীয় জয়টা তুলে নিয়েই ফেডারেশন কাপের শেষ আটে উঠেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ আকাশি-নীল জার্সিধারীদের কাছে ১-০ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে ল্যান্ডিংয়ের বাড়ানো বল মুক্তিযোদ্ধার গোলরক্ষক উত্তমের মাথার ওপর দিয়ে মাপা শটে জালে পাঠান উইঙ্গার রুবেল মিয়া।

এই ম্যাচে দুই গোলের ব্যবধানে হারলে আবাহনী বিদায় নিত মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ থেকে। অন্যদিকে মুক্তিযোদ্ধা প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংকে এক গোলে হারিয়ে আগেই উঠে যায় শেষ আটে। তাই আজকের ম্যাচ আবাহনীর কাছেই ছিল বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচটার দিকে নজর রাখছিল সাইফ স্পোর্টিংও। আবাহনী দুই গোলে হারলে তারাই চলে যেত শেষ আটে। আবাহনী তা হতে দেয়নি মুক্তিযোদ্ধার চেয়ে তুলনামূলক ভালো ফুটবল খেলে।
২৬ মে শেষ আটে লড়াইয়ে আবাহনী সামনে পাবে ব্রাদার্সকে। মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ রহমতগঞ্জ।