আবাহনীকে সেমিফাইনালে তুললেন জুয়েল
ড্র করলেই সেমিফাইনাল—এমন সমীকরণ সামনে রেখে আজ খেলতে নেমেছিল আবাহনী। তবে ড্র নয় জিতেই সেমিফাইনালে উঠেছে আকাশি নীলরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জুয়েল রানার একমাত্র গোলে আবাহনী হারিয়েছে শেখ রাসেলকে। টানা দুই ড্রয়ের পর জয় উপহার দিয়ে ক্রোয়াট কোচ দ্রাগো মামিচের মুখে হাসি ফোটালেন ঝিনাইদহের তরুণ।
৫ ম্যাচে ২ জয়, ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে আবাহনী। সমান ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল।
আগামী ৩ মে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি হবে আবাহনী। ৪ মে শেখ রাসেলের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। ৭ মে ফাইনাল।
প্রথমার্ধে যখন গোলের জন্য হাহাকার দুই দলেই, দ্বিতীয়ার্ধে এসে একটুখানি কৌশল বদলে ফেলেন আবাহনী কোচ মামিচ। শাহেদুল আলমকে তুলে নিয়ে মাঠে নামান জুয়েল রানাকে। গোলের জন্য এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৭১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন জুয়েল। জোরালো শটে বল জড়িয়ে দেন জালে।