আবাহনীকে সেমিফাইনালে নিলেন ছন্দে ফেরা কলিনদ্রেস
গ্রুপ পর্বের দুই ম্যাচে গোল পাননি। এ কারণেই হয়তো আজ কোয়ার্টার ফাইনালে একটু বেশিই ছটফট করছিলেন দানিয়েল কলিনদ্রেস।
শুরু থেকেই তাঁর শরীরী ভাষায় গোলের তৃঞ্চা ফুটে উঠছিল। আজ গোল পেলেন দুটি, করিয়েছেন একটি। চেনা ছন্দে ফিরে আবাহনীকে আজ সহজেই স্বাধীনতা কাপের সেমিফাইনালে নিয়ে গেলেন ২০১৮ বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস। সেনাবাহিনীর বিপক্ষে আজ আবাহনীও জিতল ৪-০ গোলের বড় ব্যবধানে।
আবাহনীকে অবশ্য প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় বিরতির ঠিক আগপর্যন্ত। কমলাপুর স্টেডিয়ামে ৪৫ মিনিটে বাঁ দিকের বক্সের কোনা থেকে দারুণ এক শটে দূরের পোস্টে বল পাঠান কলিনদ্রেস। এমন গোল করা তাঁর পক্ষেই সম্ভব। ৭০ মিনিটে ফ্রি–কিকে সেনাবাহিনীর মানবদেয়ালের পাশ দিয়ে বল সরাসরি জালে পাঠিয়ে মন কাড়েন সমর্থকদের।
এর আগে ৬৭ মিনিটে কলিনদ্রেসের ক্রসেই ফাঁকায় দাঁড়ানো বদলি স্ট্রাইকার নাবিব নেওয়াজের হেডে ২-০ করেছে আবাহনী। সেনাবাহিনীর গোলকিপার আলমগীর হোসেন বাঁ দিকে ঝাঁপিয়েও পারলেন না বল আটকাতে। ৭৬ মিনিটে রাকিবের ক্রসে ফাঁকায় দাঁড়ানো ইমনের হেডে ৪-০। গ্রুপ পর্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জকে পাওয়া আবাহনী আজই সবচেয়ে বড় জয় পেয়েছে।
গতবারের তুলনায় মারিও লেমোসের দলের আক্রমণভাগ এবার শক্তিশালী। তারই ফসল মৌসুমের প্রথম ৩ ম্যাচেই ৯ গোল। বাঁ দিকের উইংয়ে খেলছেন কলিনদ্রেস, ডানে রাকিবুল। মাঝখানে নবাগত ব্রাজিলিয়ান দরিয়েলতন। আগের ম্যাচে জোড়া গোল করা আবাহনীর ‘নাম্বার নাইন’ দরিয়েলতন আজ প্রথমার্ধে সুবিধা করতে পারছিলেন না। বিরতির পর আর মাঠে নামলেন না এই ব্রাজিলিয়ান।
তাঁর জায়গায় বদলি হিসেবে নামেন নাবিব নেওয়াজ। নেমেই কলিনদ্রেসের সাজিয়ে দেওয়া বল ঠিকভাবে পায়ে লাগাতে পারলেন না নাবিব। প্রায় নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে বল তুলে দেন সেনাবাহিনীর গোলকিপারের হাতে। অবিশ্বাস্য সেই সুযোগ হারানো নাবিব অবশ্য নতুন মৌসুমে প্রথম গোল পেয়ে সে দুঃখ ভুলেছেন।
সেনাবাহিনী দল প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হারলেও মোহামেডানের বিপক্ষে তুলে নিয়েছিল জয়। মুক্তযোদ্ধার সঙ্গে ড্র করে পেয়েছে শেষ আটের টিকিট। আজ আবাহনীর সামনে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত পারল না। ৮১ মিনিটে আবাহনীর রাকিবুলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেনাবাহিনীর ডিফেন্ডার হুমায়ন কবীর খান।
ফলে হেসেখেলেই বাকি সময়টা খেলেছে আবাহনী। কলিনদ্রেসদের চোখ আপাতত ফাইনালে। আবাহনী সর্বশেষ স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয় ১৯৯০ সালে। গত আট টুর্নামেন্টে ফাইনালেই উঠেছে মাত্র ২ বার। সর্বশেষ সে কীর্তি ২০১৬ সালের। তবে এবার অন্তত ফাইনালে খেলার পথটা সহজ মনে হচ্ছে ধানমন্ডির দলটির কাছে। ১৪ ডিসেম্বর সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং বা স্বাধীনতা ক্রীড়া সংঘ।