আবাহনীকে হারিয়ে শীর্ষে ঊষাই
ম্যাচের আগে দুই দলের কর্মকর্তারাই খেলোয়াড়দের কাছে রাখলেন একটা আবেদন—কোনোভাবেই যেন তাঁরা গোলমালে না জড়ান। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে ম্যাচটা শেষ করে আসার আবেদনে সাড়া মিলেছে দারুণ। ঊষা-আবাহনীর খেলোয়াড়েরা সেভাবেই সবকিছু করলেন। খেলার দিকেই রাখলেন শতভাগ মনোযোগ।
মাঠের লড়াইটাও তাই হলো উপভোগ্য। দুই গোলে পিছিয়ে পড়ে আবাহনীর ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা ছিল দেখার মতো। যদিও শেষ পর্যন্ত পারল না আকাশি-নীলেরা। তাদের পাকিস্তানি খেলোয়াড় শাকিল আব্বাসি সেভাবে খেলতেই পারলেন না। যে কারণে আবাহনী একটু পিছিয়েই ছিল। শিরোপার আশায় বিভোর ঊষা বারবার অগ্রগামিতা রেখেই ম্যাচটা ছিনিয়ে নিয়েছে ৩-২ গোলে।
প্রথম পর্ব শেষে ১১ ম্যাচে ঊষার পয়েন্ট সর্বোচ্চ ৩১। মেরিনার্সের ২৮। আবাহনী ও মোহামেডানের সমান ২৬। আগামীকাল শুরু সুপার সিক্সে প্রতি দলের ম্যাচ পাঁচটি করে। দ্বিতীয় দিনেই আবাহনী-মোহামেডান, ২৫ জুন ঊষা-আবাহনী, ২৭ জুন ঊষা-মোহামেডান, ১ জুলাই ঊষা-মেরিনার্স। সেই লড়াইয়ের আগে ঊষা কিছুটা হলেও এগিয়ে।
কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৩ মিনিটে প্রথম পেনাল্টি কর্নারেই গোল করেছে ঊষা। কৃষ্ণ কুমারের পুশ, সারোয়ারের স্টপের পর পাকিস্তানি ডিফেন্ডার আলিম বেলালের ড্র্যাগ পোস্টের ডান কোনা দিয়ে লক্ষ্যভেদ। ১৯ মিনিটে রিভার্স হিটে ২-০ করলেন মিমো। আবাহনী হতোদ্যম না হয়ে ঘুরে দাঁড়ায়। মাঝমাঠে ইরফান, শাফকাত রাসুল, আব্বাসি ও রুম্মান সরকারকে সামনে রেখে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আদায় করে নেয় পাঁচটি পেনাল্টি কর্নার। ২৮ মিনিটে পেনাল্টি কর্নারেই আব্বাসি করলেন ২-১। ৪৬ মিনিটে মিমোর স্টিকে ৩-১। ৫১ মিনিটে পেনাল্টি কর্নারে কাশিফ আলি ৩-২ করলেও আবাহনী হার এড়াতে পারেনি। কদিন আগেই স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনীর কাছে হারের বদলও নিতে পারল ঊষা।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ রেলওয়েকে ২২–১ গোলে উড়িয়ে দিয়েছে মেরিনার্স।