আবাহনীতে আবারও মামিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গোছানো দলের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র বেরিয়ে গেলে কতটা সমস্যা হতে পারে, আবাহনী তা ভালোই বুঝতে পারছে। কিন্তু তাই বলে তারা পিছু হটছে না। বরং উঠে দাঁড়ানোর চেষ্টায় বিদেশি কোচ এবং খেলোয়াড়ের দিকেই হাত বাড়িয়েছে। কোচও ঠিক হয়ে গেছে বিদায়ী মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ জয়ী দলটির।

সেই কোচ অবশ্য নতুন কেউ নন। গত মৌসুমে শুরুর দিকে আবাহনীরই কোচ হয়ে আসা ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচকে আবার নিয়ে আসা হচ্ছে। আগামীকালই তাঁর ঢাকায় পৌঁছার কথা।

আগেরবার আবাহনীর সঙ্গে মাত্র গোটা তিনেক ম্যাচে ছিলেন মামিচ। ১২ দিন পর স্ত্রীর অসুস্থতায় দেশে গিয়ে আর ফেরেননি। তাঁর জায়গায় আবাহনী নিয়ে আসে জর্জ কোটানকে। সেই কোটান দলটিকে সাফল্যের নৌকায় তুলে দিয়ে চলে গেছেন কদিন আগে।

আবাহনী খুব করেই চাইছিল বাংলাদেশকে ২০০৩ সালে সাফ জেতানো ওই অস্ট্রিয়ান কোচকে রেখে দিতে। কিন্তু কোটান থাকতে রাজি হননি। এমনকি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে বাফুফের প্রস্তাবে প্রথমে সাড়া দিলেও শেষ পর্যন্ত ‘না’ বলে দিয়েছেন।

কোটানকে না পেয়ে বাফুফে এখনো জাতীয় দলের কোচ চূড়ান্ত করতে পারেনি। তবে আবাহনী আগামীর ছকটা এঁকে ফেলেছে। মামিচ শুরু করবেন ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট দিয়ে। এরপর মার্চ থেকে এএফসি কাপ। ওই টুর্নামেন্টে আবাহনী ছয়টি ম্যাচ খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ১৪ মার্চ ঢাকায় আবাহনীর প্রথম ম্যাচ মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া এসঅ্যান্ডআরের সঙ্গে। এএফসি কাপ শেষ হওয়ার আগেই ঘরোয়া ফুটবলের দামামা বেজে উঠবে। মে থেকে ঘরোয়া ফুটবল শুরু হওয়ার কথা। সব মিলিয়ে গোটা মৌসুমের জন্যই মামিচকে রাখতে চায় আবাহনী।

কোটানের বিকল্প না হয় পাওয়া গেল। কিন্তু লি টাক? এই ব্রিটিশ প্লেমেকারের অভাব সহজে পূরণ করতে পারবে আবাহনী, এমনটা কেউই ভাবেন না। কারণ, লি মাঠজুড়ে খেলতেন। গোল করতেন, করাতেন। আবাহনীর বিদায়ী মৌসুমটা বর্ণিল করে রাখতে লির ছিল বড় ভূমিকা। সেই লি মালয়েশিয়ান লিগে খেলছেন এখন। বাংলাদেশে আপাতত আর খেলার সম্ভাবনা নেই।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলছেন, ‘লির চলে যাওয়া অবশ্যই ক্ষতি আমাদের জন্য। তবে আমরা এখন মাঝমাঠ ও স্ট্রাইকিংয়ে দুজন বিদেশি নিয়ে তাঁর অভাবটা পূরণের চেষ্টা করছি।’

শেখ কামাল টুর্নামেন্টে পাঁচজন বিদেশি নিবন্ধন করা যাবে। খেলতে পারবেন চারজন। আবাহনী এই টুর্নামেন্টে ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ, স্ট্রাইকার সানডে ও লির স্বদেশি জোনাথনকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে। তাতে যদি নতুন ভালো কোনো বিদেশি যোগ করা যায়, তাহলে আর সমস্যা হবে না বলে মনে করছেন কর্মকর্তারা।