আবাহনীতে আর্সেনালের সাবেক ফুটবলার

ঢাকার আবাহনীতে আসছেন এক ফুটবলের ফেরিওয়ালা! ১৫ বছরের ক্যারিয়ারে এরই মধ্যে খেলে ফেলেছেন ১৭টি ক্লাবে। নাম রোহান অ্যান্থনি রিকেটস। আর্সেনালের সাবেক ফুটবলার। খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহাম হটস্পারেও। ৩৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার অবশ্য সবচেয়ে বেশি তিন মৌসুম খেলেছেন টটেনহামে। এরপর কভেনট্রি সিটি, উলভারহ্যাম্পটনেও খেলেছেন। ইংল্যান্ড ছাড়াও হাঙ্গেরি, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন। ভারতের আই লিগের দল ডেম্পোতেও খেলেছেন। সর্বশেষ মৌসুমে খেলেছেন হংকংয়ের প্রিমিয়ার লিগের দল ইস্টার্ন স্পোর্টস ক্লাবে। এবার তাঁর ঠিকানা হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। কাল রাতে ঢাকায় এসে আজই অনুশীলন শুরু করে দিয়েছেন। আবাহনীর সঙ্গে চুক্তি হলে তিনিই হবেন বাংলাদেশে খেলা প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার।
আর্সেনালের বয়সভিত্তিক দলে যখন খেলতে শুরু করেন তখন রিকেটসের বয়স মাত্র আট বছর। দশ বছর আর্সেনালের বয়সভিত্তিক দলে খেলার পর ২০০১ সালে আর্সেন ওয়েঙ্গার সুযোগ দেন মূল দলে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে ও লিগ কাপের দলে ছিলেন। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন টটেনহাম হটস্পারের হয়ে।
১৫ বছরের ক্যারিয়ারে এতগুলো ক্লাবে খেলেছেন? প্রশ্নটা করতেই তাঁর চোখেমুখে খেলে গেল যেন রাজ্যের বিস্ময়, ‘তাই! তাহলে তো অনেক ক্লাবেই খেলেছি!’ কেন তাঁর এই ফুটবলের পরিভ্রমণ সেই উত্তরও তিনি দিয়েছেন, ‘আমি ভিন্ন ভিন্ন দেশের ক্লাবে খেলতেই ভালোবাসি। আসলে পৃথিবীর সব দেশেই তো ফুটবলের ভাষা এক। আমার নেশাই হলো বিভিন্ন দেশের ক্লাবে খেলা। এজন্যই কোথায় এক বছরের বেশি থাকি না।’
রিকেটসকে বাংলাদেশ সম্পর্কে প্রথম ধারণা দেন আবাহনীতে এই মৌসুমে খেলতে আসা ব্রিটিশ ফুটবলার লি টাক। এরপরই বাংলাদেশে খেলার ব্যাপারে তাঁর আগ্রহ জাগে। ইউটিউবে দেখেছেন আবাহনী-মোহামেডান ম্যাচ।
রিকেটস ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দলে। সিনিয়র দলে খেলার আগ্রহ তো ছিলই, কিন্তু ক্লাব ফুটবলই তাঁকে বেশি টেনেছে, ‘সবার মতো আমিও ইংল্যান্ডের সিনিয়র দলের জার্সি গায়ে তুলতে চেয়েছি। কিন্তু বিভিন্ন দেশে খেলার প্রস্তাব পাই বলে আর জাতীয় দলে খেলার সুযোগটা হয়ে ওঠেনি।’
রিকেটসের ক্যারিয়ারের শুরুর দিকে জুভেন্টাস থেকে আর্সেনালে যোগ দেন থিয়েরি অঁরি। দুজনের মধ্যে নাকি দারুণ বন্ধুত্বও গড়ে উঠেছিল। আবাহনী মাঠে দাঁড়িয়ে সেই স্মৃতিচারণা করলেন রিকেটস, ‘অঁরি তখনো এত বড় মাপের খেলোয়াড় হয়ে ওঠেনি। শুরুর দিকে এসেই আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। খুবই মজার মানুষ অঁরি। অনেক মজা করত আমার সঙ্গে, সারাক্ষণ কৌতুক বলত।’
ফুটবলের বাইরে রিকেটসের আরেকটা পরিচয়ও আছে। তিনি ক্রীড়াবিষয়ক একজন কলামিস্টও। ‘কলাম টেন’ নামে নিজের একটা ম্যাগাজিনও রয়েছে। তবে ম্যাগাজিনটিকে এখন এটা ভিডিও চ্যানেলে রূপ দিয়েছেন রিকেটস।