আবাহনীতে এলেন ব্রিটিশ স্ট্রাইকার
গত দুই-তিন মৌসুমে গোল-খরায় ভুগেছে ঢাকার পরাশক্তি আবাহনী। তাই প্রত্যাশিত সাফল্য আসেনি। সেই ব্যর্থতা দূর করতে এবার ব্রিটিশ স্ট্রাইকার লি টাককে নিয়ে এসেছে আকাশি-নীলেরা।
গত কয়েক মৌসুম থাইল্যান্ডের লিগে খেলা ২৭ বছর বয়সী স্ট্রাইকার চোখ কেড়েছেন আবাহনীর কর্মকর্তা সত্যজিৎ দাস রুপুর। তাই সত্যজিৎ আশাবাদী, বর্তমানে থাই দল নাইন রাতসাসিমার হয়ে খেলা টাককে নিয়ে, ‘আমার বিশ্বাস টাক আমাদের গোল-খরা দূর করে দেবে। সেই সামর্থ্য ওর আছে।’
ব্রিটিশ এই ফুটবলার গত বছর ভুটানের কিংস কাপে খেলেন থাই দলের জার্সি গায়ে। ওই টুর্নামেন্ট জয়ী শেখ জামাল পেতে চেয়েছিল তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে চার মেলেনি। থাইল্যান্ড লিগে টাকের অভিষেক ২০১০ সালে। সেরা সময় কাটিয়েছেন ব্যাংকক দলের জার্সি গায়ে। ২০১১ থেকে ২০১৩ সালে এই দলটির হয়ে ৭৭ ম্যাচে করেন ৫১ গোল। বর্তমান দল রাতসাসিমার জার্সিতে ২৬ ম্যাচে ৫ গোল।
থাই লিগে খেলা আরেক ব্রিটিশ স্ট্রাইকার গত রাতেই ঢাকা এসে আবাহনীতে যোগ দেওয়ার কথা। যদিও পি সাভেস নামের এই খেলোয়াড় আফ্রিকান বংশোদ্ভূত। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে টাকের সঙ্গে তাঁকেও দেখা যাবে। বিকেল চারটায় জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট আবাহনী।