আবাহনীতে কোটান-অধ্যায়

২০০৩ সাফে বাংলাদেশকে শিরোপা জিতিয়েই বিদায় নিয়েছিলেন। দেশে ফেরার সময় মানুষের উষ্ণ ভালোবাসার সঙ্গে নিয়ে গিয়েছিলেন একখানা লাল-সবুজ পতাকা। আজও যত্ন করে সেই পতাকাটি তুলে রেখেছেন জর্জ কোটান!
পরে ২০০৫ সালে ফিরে আসেন বাংলাদেশে। তবে জাতীয় দলের দায়িত্বে নয়, সেবার এসেছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কোচ হয়ে। তৃতীয়বার যখন বাংলাদেশের ফুটবলে কাজ করার প্রস্তাব পেলেন, দ্বিতীয় চিন্তা করেননি। জাতীয় দলের সাবেক কোচ কাল এসেছেন আবাহনীর দায়িত্ব নিতে। এসেই বললেন, ‘ইটস মাই সেকেন্ড হোম।’ বাংলাদেশ থেকে চলে গেলেও সময়-সুযোগ পেলেই এএফসির ওয়েবসাইটে ঢুঁ মারতেন, বাংলাদেশের ফুটবলের খোঁজখবর নিতে। কিন্তু মন ভালো হওয়ার মতো শিরোনাম পেয়েছেন কমই!
কাল দুপুরে আবাহনীর আঙিনায় ৬৮ বছর বয়সী অস্ট্রিয়ানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন আবাহনীর ঘরের ছেলে প্রাণতোষ কুমার। ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সার বেঁধে দাঁড়ানো ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কোটানকে। আবাহনীর সঙ্গে আপাতত এক মৌসুমের চুক্তি। সাফল্য পেলে চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে জানালেন সত্যজিৎ।
বাংলাদেশকে বলছেন ‘দ্বিতীয় বাড়ি’। কিন্তু দেখা যাচ্ছে, এই উপমহাদেশটাই কোটানের কাছে অতি প্রিয়। মুক্তিযোদ্ধার দায়িত্ব ছেড়ে ২০০৬ সালে কোচ হয়ে যান ভারতের আইলিগের দল চার্চিল ব্রাদার্সে, ২০০৯ সালে ছিলেন পাকিস্তান জাতীয় দলের কোচ। মাঝে বেশ কিছুদিন জার্মানিতে ফিফার গোল প্রজেক্টে কাজ করেছেন। সর্বশেষ কর্মস্থলও জার্মানি। সেখানকার তৃতীয় বিভাগের দল এফসি কোটেনগ্রুইনের সঙ্গে চুক্তি শেষ হয়েছে গত ২৯ নভেম্বর। এর পরই ঢাকা থেকে কোচ হওয়ার প্রস্তাব। আবাহনীর দায়িত্ব নিতে এবার সস্ত্রীক চলে এসেছেন বাংলাদেশে। জানালেন, দু-এক দিনের মধ্যেই স্ত্রীকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকত ঘুরতে যাবেন। যদিও ঢাকায় পুরো মৌসুমে একাই থাকবেন। হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের চাকরির কারণে সেখানে ফিরে যেতে হবে কোটানের স্ত্রীকে।
গত দুই মৌসুম কোনো ট্রফি ওঠেনি আবাহনীর শোকেসে। শিরোপা-খরায় ভুগতে থাকা দলটির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোটান, ‘আবাহনী ঐতিহ্যবাহী ক্লাব। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াতেই এটা অনেক বড় ক্লাব। কিন্তু গত কয়েক মৌসুম দলটা কিছু জিততে পারেনি, সেটা আমিও শুনেছি। এ জন্যই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। আবাহনীকে চ্যাম্পিয়ন করাই আমার একমাত্র লক্ষ্য।’
আবাহনীর এই মৌসুমের দল সম্পর্কে বললেন, ‘সবে তো এলাম। আগে ওদের প্র্যাকটিস দেখি। এরপর ঠিক করব কোন পজিশনে কেমন খেলোয়াড় লাগবে। কর্মকর্তারা আমাকে বলেছেন দলটা খারাপ হয়নি। শুধু কয়েকটা পজিশনে নতুন কয়েকজন খেলোয়াড় নিতে হবে।’ আবাহনীতে আনার জন্য নিজে অবশ্য তিনজন হাঙ্গেরিয়ানকে পছন্দও করে রেখেছেন। দলের অনুশীলন দেখার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আবাহনীকে প্রথম তিনটি পেশাদার লিগে চ্যাম্পিয়ন করেছেন অমলেশ সেন। একবার জিতিয়েছেন ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি। গত দুই মৌসুমে আরদেশির পোরনেমাত ও পোরমুসলিমিকে দায়িত্ব দিয়ে সাফল্যের মুখ দেখেনি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করতে কোটানের দিকেই এবার চেয়ে আছে আকাশি-নীল দল।
প্রায় এক যুগ আগে সাফে চ্যাম্পিয়ন করে বাংলাদেশের সবার মুখে হাসি ফুটিয়েছিলেন কোটান। এবার কি আবাহনীতে ফেরাতে পারবেন আকাশি-নীল হাসি?