আবাহনীতে ক্রোয়াট কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর নতুন বিদেশি কোচ দ্রাগ মমিচ। ছবি: সংগৃহীত।
আবাহনীর নতুন বিদেশি কোচ দ্রাগ মমিচ। ছবি: সংগৃহীত।

আবাহনীতে শুরু হতে যাচ্ছে ক্রোয়াট-অধ্যায়। দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ দ্রাগ মমিচ। ৬২ বছর বয়সী এই কোচ স্বাধীনতা কাপের পরের ম্যাচ থেকেই দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবের।
মমিচের কোচিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। এর আগে তিনি মিয়ানমার ও মালদ্বীপ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্ব পালন করেছেন ইন্দোনেশিয়ার পার্সিব বান্দুংয়ের কোচেরও।
আজ রোববার সকালে ঢাকা পৌঁছে বিকেলেই মমিচ গিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ভিআইপি গ্যালারিতে বসে দেখেছেন আবাহনী-আরামবাগ ম্যাচটি। সেখানে বসেই আবাহনীকে সাফল্য উপহার দেওয়ার আশাবাদ জানালেন, ‘আমি আবাহনীকে সাফল্য উপহার দিতেই এসেছি। এশিয়ায় ১৫-১৬ বছর কাজ করার অভিজ্ঞতা আছে আমার। আশা করি, সেই অভিজ্ঞতা আবাহনীতে কাজে লাগাতে পারব।’
গতবার মৌসুম শেষ না করেই দেশে ফিরে যান আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। এরপর থেকে দলের দায়িত্ব ছিল চিরচেনা কোচ অমলেশ সেনের হাতে। এবারের স্বাধীনতা কাপেও আবাহনীর ডাগ আউটে এত দিন দেখা গেছে তাঁকেই।