আবাহনীতে ক্রোয়াট ফুটবল কোচ
গত মৌসুম শেষ করার আগেই আবাহনীর দায়িত্ব ছেড়ে দেশে ফিরে যান জর্জ কোটান। এই অস্ট্রিয়ান কোচ চলে যাওয়ার পর আবাহনীর কোচের দায়িত্ব নিয়েছেন অমলেশ সেন। এ মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপেও আবাহনীর ডাগ-আউটে রয়েছেন এই অভিজ্ঞ কোচ। তবে আবাহনীর পরের ম্যাচেই দায়িত্ব নেবেন ক্রোয়াট কোচ দ্রাগ মমিচ।
গতকাল সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই মমিচ চলে আসেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে আবাহনী-আরামবাগ ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে দেখেছেন ৬২ বছর বয়সী কোচ। এর আগে মালদ্বীপ জাতীয় দলের কোচ ছিলেন তিনি, কাজ করেছেন মিয়ানমার জাতীয় দল নিয়েও। ২০১১ সালে ইন্দোনেশিয়া সুপার লিগের দল পার্সিব বান্দুংয়েরও কোচের দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় এসেই মমিচ যা বললেন তাতে আশাবাদী হতে পারে আবাহনী, ‘এখনই এই ক্লাব সম্পর্কে কিছু বলতে পারব না। তবে সব ক্লাবই সাফল্য চায়, আর এই দলকে আমি সাফল্য উপহার দিতেই এসেছি। জেনেছি, আবাহনী ক্লাবে জাতীয় দলের কয়েকজন ফুটবলার আছে। এশিয়ায় ১৫-১৬ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। সেই অভিজ্ঞতা আশা করি কাজে লাগাতে পারব এখানে।’