আবাহনীর ইস্টবেঙ্গল পরীক্ষা
দুই আবাহনীরই আজ অগ্নিপরীক্ষা।
চট্টগ্রাম আবাহনীর জন্য পরীক্ষাটা তুলনামূলক একটু সহজই। বিকেল সাড়ে চারটায় তাদের সামনে দাঁড়াবে প্রথম দুই ম্যাচেই হেরে বিদায়ের ক্ষণ গুনতে থাকা করাচি ইলেকট্রিক ক্লাব। স্বাগতিক দল এই ম্যাচে জিতলে চাপটা আরও ঘনীভূত হবে ঢাকা আবাহনীর ওপর। ইস্টবেঙ্গলের বিপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচে তখন প্রয়োজনীয় ব্যবধানে জয় ছাড়া উপায় থাকবে না অমলেশ সেনের দলের।
গ্রুপ ‘বি’তে দুই ম্যাচেই জিতে কলকাতা ইস্টবেঙ্গল আছে বেশ স্বস্তিতে। দুই আবাহনীরই এক জয়, এক হার। গোল ব্যবধান সমান, শূন্য। দুই আবাহনীই ড্র করলে বেশি গোল করায় ঢাকা আবাহনীই উঠবে সেমিতে।
এই টুর্নামেন্টে একঝাঁক নবীন খেলোয়াড় নিয়েও বেশ ভালো খেলছে ইস্টবেঙ্গল। ঢাকা আবাহনীর সেটাই বড় দুশ্চিন্তা। আর তাই প্রথম ম্যাচে করাচির সঙ্গে চট্টগ্রাম আবাহনীর অমঙ্গলই চাইবে ঢাকা আবাহনী। তবে পরশু ঢাকা আবাহনীকে যেভাবে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী, করাচির কাছে স্বাগতিকদের হারটাও বড় অঘটনই হবে। উল্টো করাচির বিপক্ষে বড় জয় নিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা বেশি চট্টগ্রাম আবাহনীরই।
প্রথম ম্যচের ফল যা-ই হোক, ঢাকা আবাহনী-ইস্টবেঙ্গল ম্যাচের ওপরই চোখটা থাকছে বেশি। টুর্নামেন্টের নানা হিসাব–নিকাশ একপাশে রাখলেও এটি ফুটবলপিপাসুদের কাছে জিবে জল আনা ম্যাচ। দুই বাংলার লড়াই, যেখানে মর্যাদার ব্যাপারটাও আসে ঘুরেফিরে।
টুর্নামেন্টের প্রথম দিনেই দেখা হয়েছে দুই বাংলার। চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে প্রথম লড়াইটা জিতে নিয়েছে তারুণ্যনির্ভর ইস্টবেঙ্গল। এপার বাংলার পতাকাটা আজ তুলে ধরার দায়িত্ব ঢাকা আবাহনীর কাঁধে।
আকাশি নীলেরা কি পারবে? কোচ অমলেশ সেনের চোখেমুখে প্রতিজ্ঞা, ‘আমাদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। বড় জয় প্রয়োজন হলে সেটির জন্যও আমরা ঝাঁপাব।’ আবার সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললেও ফুরফুরে ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য চোখ রাখছেন তিন পয়েন্টেই, ‘আমরা এখানে প্রতিটি ম্যাচই জিততে চাই।’