আবাহনীর কাঠগড়ায় আবাহনী
ক্লাব ভবনে সুনসান নীরবতা। দুই দিন অনুশীলন না থাকায় ফুটবলারদের অনেকেই বাইরে বেরিয়েছেন। বাকিরা রুমে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। কিন্তু সবার মনে আগের সন্ধ্যার সেই কাঁটাটা রয়েই গেছে।
মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে প্রাধান্য রেখেও ২-০ গোলে হার। ঘরের মাঠে এএফসি কাপের প্রথম ম্যাচেই এভাবে হারের কারণ অনুসন্ধানে দলটির খেলোয়াড়-কর্মকর্তারা এখন ব্যস্ত।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন অকপটে বললেন, ‘আমরা তো আসলে টেকনিক্যালিই হেরে গেছি। নইলে প্রায় ৭০-৩০ ভাগ বল পজেশন রেখেও হারব কেন? আমরা টেকনিক্যালি দুর্বল।’
নির্দিষ্ট করে বললে, ডিফেন্ডার মামুন মিয়া ও ইয়াছিনের দুটি ভুল পাস কাজে লাগিয়ে জিতেছে মাজিয়া। পঞ্চম মিনিটে প্রথম গোল করার পর মাজিয়া প্রবল চাপের মুখেও এক ইঞ্চি ফাঁকা জমিন ছাড়েনি রক্ষণে। তাই গোল করার জায়গাটাই বের করতে পারেনি আবাহনী।
অথচ আশি-নব্বইয়ের দশকে মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাব ঢাকায় এসে ভূরি ভূরি গোল খেয়েছে। আবাহনী ভ্যালেন্সিয়ার জালে সাতবার বল পাঠিয়েছে, মোহামেডান আটবার। সেই মালদ্বীপের বর্তমান প্রজন্মের প্রতিনিধি আসাদুল্লাহ আবদুল্লাহরা পূর্বসূরিদের যন্ত্রণাটা উল্টো ফিরিয়ে দিয়ে গেলেন। এই আবাহনীকেই কদিন আগে শেখ কামাল টুর্নামেন্টে হারিয়েছে মালদ্বীপের আরেক ক্লাব টিসি স্পোর্টস। মালদ্বীপের জাতীয় দল এই সেদিন পাঁচ গোলের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশকে।
কাল দিনভরই মালদ্বীপ-বাংলাদেশের ফুটবলের হালের বিপরীত ছবিটা ঘুরেফিরে এল ফুটবলীয় আড্ডায়। বাফুফে ভবনে সহসভাপতি বাদল রায় ব্যথিত কণ্ঠে বলেন, ‘আবাহনীর এই হার খুবই হতাশাজনক। মালদ্বীপের ক্লাব এসে আমাদেরই মাঠে আমাদের হারিয়ে যায়, এটা ভাবতেই পারি না।’
কেন এই অবস্থা? আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর ময়নাতদন্ত, ‘খেলোয়াড়দের ব্যক্তিগত কিছু ভুলই পার্থক্য গড়ে দিয়েছে।’ কোচ দ্রাগো মামিচও এটিকেই বড় কারণ বলছেন, ‘আমরা ভালো খেলেছি। কিন্তু ফসল ঘরে তুলতে পারিনি নিজেদের দোষেই। খেলোয়াড়েরা এমন ভুল করলে ম্যাচ জেতা কঠিন।’
ডিফেন্ডার ওয়ালী ফয়সালও কোচ-ম্যানেজারের সঙ্গে একমত। সঙ্গে অবশ্য যোগ করছেন, ‘ফিনিশিং না থাকায় আমরা গোল পাইনি।’ তবে সবাই যেমনটা বলছেন ক্লাব ফুটবলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে মালদ্বীপ, এই কথাটা মানতে রাজি নন, ‘ওদের আহামরি দল মনে হয়নি। বরং আমরাই বেশি আক্রমণে ছিলাম। আমরা হেরেছি স্রেফ নিজেদের দোষে।’
ওয়ালী ফয়সাল গ্রুপে বেঙ্গালুরু এফসিকেই সবচেয়ে বেশি শক্তিশালী মানছেন। পরশু বেঙ্গালুরু ৩-১ গোলে হারিয়েছে কলকাতা মোহনবাগানকে। আবাহনীর সেই মোহনবাগান-চ্যালেঞ্জ ৪ এপ্রিল, কলকাতায়।
এর আগে চারবার এএফসি প্রেসিডেন্টস কাপে খেলেও গ্রুপের বাধা পেরোতে পারেনি আবাহনী। দুবার গোলগড়ে বাদ। এবারও বাজে শুরু। অথচ পেছনে তাকালে দেখা যায়, আশির দশকে নাসের হেজাজির হাত ধরে মোহামেডান আলো ছড়িয়েছে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ বা ক্লাব উইনার্স কাপে। সম্প্রতি শেখ জামাল সাফল্য পেয়েছে দেশের বাইরে। কিন্তু আবাহনী পারছে না আবাহনীর মতো দেখা দিতে।
কোচ মামিচ চান নতুন গল্প লিখতে, ‘দলটা গোছাতে পারলে ভালো কিছু হবে আশা করি।’ তবে দলবদলের আগেই গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলারের দল ছেড়ে যাওয়ার পর জোড়াতালি দেওয়া দল নিয়ে কীই-বা করবেন ক্রোয়াট কোচ! এখানেই যেন কোচকে ভরসা জোগান স্ট্রাইকার জীবন, ‘নিজেদের ভুল শুধরে খেলতে পারলে মালেতে আমরা এই মাজিয়াকে হারাব ফিরতি ম্যাচে।’
এটা মনের বিশ্বাস। মাঠে দেখাতে পারবে আবাহনী?