আবাহনীর কোচ জর্জ কোটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলের সঙ্গে জর্জ কোটানের সম্পর্কটা বেশ নিবিড়। ২০০৩ সালে তাঁর অধীনেই এসেছে সাফ ফুটবলের একমাত্র শিরোপা। ওই বছরই মুক্তিযোদ্ধায় এসে তাদের সাহায্য করেছেন ফেডারেশন কাপ জেতাতে। ২০০৯-১০ সালে ছিলেন পাকিস্তানের কোচ, ওই সময় পাকিস্তান জাতীয় দল নিয়ে ঢাকায়ও এসেছিলেন একবার। সেই কোটান আবার আসছেন বাংলাদেশে। এবার তাঁকে দেখা যাবে আবাহনীর কোচের ভূমিকায়।
কোটানকে পেতে যোগাযোগ করেছিল বিজেএমসিও। কিন্তু তারা এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ফাঁকেই আবাহনী তাঁর সঙ্গে আলোচনা সেরে ফেলেছে।
সত্যজিৎ দাস রুপু কাল বিষয়টা নিশ্চিত করেছেন। ভুটানের কিংস কাপে খেলতে এদিন ঢাকা ছাড়ার আগে আবাহনীর ম্যানেজার বলেছেন, ‘কোটানের সঙ্গে কথাবার্তা আগেই হয়েছে। অপেক্ষা করছিলাম ক্লাবের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সম্মতির। কাল (পরশু) সেটি পেয়ে গেছি। কোটান আগামী মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা এসে ফেডারেশন কাপে দলের দায়িত্ব নেবেন আশা করছি।’
কোটান এখন জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত। আগামী ১৪ ডিসেম্বর সেখানে তাঁর বর্তমান চুক্তি শেষ। আবাহনী চায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু ফেডারেশন কাপেই ডাগ-আউটে দাঁড়ান এই অস্ট্রিয়ান, তাতেই রাজি হয়েছেন কোটান। সঙ্গে আনছেন স্ত্রীকেও।