আবাহনীর কোচ ছুটি নিয়ে যোগ দিলেন থাই ক্লাবে!

প্রিমিয়ার লিগে এখনো আট ম্যাচ বাকি আছে আবাহনী লিমিটেডের। অথচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তার আগেই হারিয়ে বসল কোচ দ্রাগো মামিচকে! ক্রোয়েশিয়ান এই কোচ গতকালই থাইল্যান্ডে প্রিমিয়ার লিগের ক্লাব ছায়নাট হর্নবিল এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
মামিচের সঙ্গে আবাহনীর এক বছরের (নভেম্বর ২০১৬ থেকে নভেম্বর ২০১৭) চুক্তি ছিল। চুক্তি শেষ হওয়ার সুযোগটাই নিয়েছেন মামিচ। তবে তিনি নাকি ছুটি নিয়েই ঢাকা ছেড়েছিলেন, জানান আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘কয়েক দিন আগেই কোচ ছুটি নিয়ে চলে যান। পরে জানতে পারি, উনি অন্য একটি দলের দায়িত্ব নিয়েছেন। তাঁর সঙ্গে আমাদের নভেম্বর পর্যন্ত চুক্তি ছিল। পরে কথা হয় এএফসি কাপ পর্যন্তওÍথাকবেন। কিন্তু চুক্তিতে যে-কেউ আলাদা হতে পারবে—এই শর্তও ছিল।’
আগের মৌসুমে মামিচ আবাহনীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ১২ দিন কাজ করেই স্ত্রীর অসুস্থতার কথা বলে দেশে ফিরে গিয়েছিলেন। মামিচ এবারও ব্যক্তিগত কাজের জন্য ছুটি নিয়ে দেশে গেলেন কিন্তু আর ফিরবেন না। তাঁর হাত ধরেই ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী। প্রিমিয়ার লিগের রেসেও ছিলেন আকাশি-সাদাদের দল।