আবাহনীর ঘরে শিরোপার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় পাঁচ বছর পর ফেডারেশন কাপ জয়। ট্রফি নিয়ে সেই বিজয়ের আনন্দে উদ্বেল আবাহনী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l জাহিদুল করিম
প্রায় পাঁচ বছর পর ফেডারেশন কাপ জয়। ট্রফি নিয়ে সেই বিজয়ের আনন্দে উদ্বেল আবাহনী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l জাহিদুল করিম

হতাশা, দীর্ঘশ্বাস সব বুঝি এভাবেই মুছে যায়! প্রায় চার বছরের আবাহনীর শিরোপা-খরা দূর হলো কিনা প্রচণ্ড দাবদাহের এমন বিকেলেই!
গা-পোড়ানো গরমে বেলা সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটা যখন শুরু হয়, মাঠের দিকে তাকানো যাচ্ছে না। সূর্যরশ্মিতে চোখে যেন জ্বালা ধরে। তবু গ্যালারিতে যে কজন দর্শক এলেন, ধন্যবাদ তাঁদের প্রাপ্য। এমন রোদে ঘামে ভিজে তাঁরা দেখলেন আবাহনী-আরামবাগ ২৭তম ফেডারেশন কাপ ফাইনাল। কিন্তু তৃপ্ত কি হতে পারলেন?
‘না’ শব্দটা লিখলে সম্ভবত কেউই প্রতিবাদ করবেন না। রোদ আর গরম যেন শুষে নিয়েছে ফাইনালের যাবতীয় উত্তাপ। উপরন্তু ফাইনালে আসা টগবগে আরামবাগের কাছ থেকে সেই

.
.
.
.

মেজাজটা পাওয়া গেল না। ‘হারব না’ মানসিকতায় উজ্জীবিত হয়ে ফাইনালে ওঠা মতিঝিল ক্লাবপাড়ার দলটিকে শেষ লড়াইয়ে প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে একটু মাথা তোলার চেষ্টা করলেন কেস্টার আকনরা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সামনিক গোল করতে পারলেন না। জাফরও একবার হারালেন ভালো সুযোগ।
আবাহনীর শরীর ফুটে বেরোচ্ছিল ফাইনাল জয়ের তাগিদ। যদিও একটি মাত্র গোলে সেটি ঠিকঠাক অনূদিত হয়নি। আকাশি-নীলরা এই ফেডারেশন কাপ সর্বশেষ জিতেছে ২০১০ সালের অক্টোবরে, পরের বছর সুপার কাপ। ২০১২ সালের জুলাইয়ে লিগ। সেই থেকে আবাহনীর ঘরে আর ট্রফি নেই। ট্রফির আলোটা আবার জ্বালাতে শুরু থেকেই আরামবাগের রক্ষণে হানা দেয় আবাহনী। গোলের জন্য অপেক্ষাও ফুরোয় দ্রুত।
১১ মিনিটে গোলটা এনে দেন চোট কাটিয়ে এক ম্যাচ পর মাঠে ফেরা চটপটে লি টাক। এই গরমে তাঁর নাকি কোনো সমস্যাই হয়নি! থাইল্যান্ডে এর চেয়েও বেশি তাপমাত্রায় খেলতে অভ্যস্ত লির পা থেকে আসা ম্যাচের একমাত্র গোলটি মনে রাখার মতোই।
আরামবাগের বক্সের সামনে ছোট্ট করে লিকে বল বাড়ান জীবন। সেই বল কয়েক সেকেন্ড পায়ে রেখে জায়গা তৈরি করে বাঁ পায়ের তীব্র শটে জালে পাঠান লি। এই শটের কোনো জবাব ছিল না আরামবাগ গোলরক্ষক ও অধিনায়ক মিতুল হাসানের, এর আগেই যিনি গোটা তিনেক দারুণ সেভ করেছেন। আবাহনীর জার্সি গায়ে এটি পঞ্চম গোল ব্রিটিশ ফরোয়ার্ডের।
ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে এমন ঝলক আর দেখা যায়নি কারও পায়ে। অনেকেরই মনে পড়ছিল, গত বছর শেখ জামাল-মুক্তিযোদ্ধা ৬-৪ স্কোরলাইনের রোমাঞ্চকর সেই ফাইনালের স্মৃতি। ২০১০ ফাইনালে শেখ জামালের বিপক্ষে আবাহনীর ৫-৩ গোলের নাটকীয় জয়টাকেই বা ভোলা যায় কী করে! তবে গত কয়েক বছরে এটিই সবচেয়ে ম্যাড়মেড়ে ফাইনাল। একটা ছবি অবশ্য পাল্টায়নি। এবার নিয়ে টানা ছয়টি ফাইনালেই সেরা খেলোয়াড় বিদেশিরা। ইব্রাহিম, ইয়েকো, সনি নর্দে, ওয়েডসনের পর লি টাক।
আরেক বিদেশিও নিজেকে জড়িয়ে রাখলেন এই ফাইনালের সঙ্গে। ১৩ বছর পর ঢাকার ফুটবল-তীর্থে আরেকটি ট্রফি জিতলেন জর্জ কোটান। ২০০৩ সালে বাংলাদেশকে সাফ ফুটবল জেতানো অস্ট্রিয়ান ‘বুড়ো’ এই ফাইনালের পর বলছিলেন, ‘আমার কাছে বিকেলটা স্মরণীয় হয়ে থাকবে।’ কিন্তু কোটানের আবাহনী দ্বিতীয় গোলটার জন্য যেভাবে ৭৯ মিনিট ব্যর্থ চেষ্টা করে গেল, দেখে ভালো লাগার কথা নয় আকাশি-নীল সমর্থকদের। সেমিফাইনাল জয়ের নায়ক সানডে দুই হাত সামনে থেকেও লক্ষ্যভেদে ব্যর্থ। জুয়েল রানাও একই পথের যাত্রী। জীবনও খুঁজে পাচ্ছিলেন না গোলের রাস্তা।
ব্যবধানটা তাই শেষ পর্যন্ত ন্যূনতম। তবে পরাজয়ে উৎসবের রং শুকিয়ে গেলেও আরামবাগ বিষণ্নতায় ডুবে যায়নি। ম্যাচের আগে আবাহনীকে তারা জানাল ফুলেল শুভেচ্ছা। গ্যালারিতে পাঠাল ‘শুভেচ্ছা বল’। কিন্তু শেষ পর্যন্ত ফেডারেশন কাপের তৃতীয় ফাইনালেও হার। আবাহনীর শিরোপা জয়ের অপেক্ষা ফুরোনোর এই বিকেলে রানার্সআপ হওয়াটাও অবশ্য কম নয় আরামবাগের জন্য!

* ১৯৮০ সালে শুরু টুর্নামেন্ট হয়েছে মোট ২৭ বার। দুবার যুগ্মসহ সর্বোচ্চ দশবার চ্যাম্পিয়ন মোহামেডান। একবার যুগ্মসহ দ্বিতীয় সর্বোচ্চ নয়বারের সেরা আবাহনী। একবার যুগ্মসহ ব্রাদার্স তিনবার, মুক্তিযোদ্ধা, শেখ জামালও তিনবার চ্যাম্পিয়ন। শেখ রাসেল একবার।