
ইতালি থেকে পরশু ঢাকায় ফিরেছেন আবাহনীর কোচ জর্জ কোটান। ফিফার কর্মসূচি শেষ করে কোচ ঢাকায় ফিরতেই আবাহনীও যেন জ্বলে উঠল! ময়মনসিংহে আগের ম্যাচে কোটানের অনুপস্থিতিতে আবাহনী ড্র করে ব্রাদার্সের সঙ্গে। টানা দুটি ড্রয়ের পর কাল জিতেছে আবাহনী; আরামবাগকে হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই করেছেন সানডে সিজোবা। সন্ধ্যায় পরের ম্যাচে মোহামেডান ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। এই ম্যাচে লিগের ইতিহাসের অন্যতম দ্রুততম গোল দেখেছেন দর্শকেরা। মোহামেডানের স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ১৭ সেকেন্ডে করেছেন গোলটি, অন্য গোলটি মাসুদ রানার। ব্রাদার্সের দুটি গোলই এনকোচা কিংসলের।
প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ৪ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। পেনাল্টি থেকে সানডে প্রথম চেষ্টায় অবশ্য গোল করতে পারেননি, শটটি ঠেকিয়ে দেন আরামবাগের গোলরক্ষক মিতুল হাসান। ফিরতি শটে গোল করে আবাহনীকে (১-০) এগিয়ে নেন সানডে। ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরামবাগের মিডফিল্ডার সাদ্দাম হোসেন। ১০ জনের দল হয়ে পড়া আরামবাগ বাকি সময়ে লড়াই করতে পারেনি শিরোপাপ্রত্যাশী আবাহনীর সঙ্গে। একাধিক গোলের সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ওই সানডেই দ্বিগুণ করেন আবাহনীর ব্যবধান। এই জয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠল আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে আরামবাগ।
ড্রয়ের বৃত্তে মোহামেডান: লিগের ছয় ম্যাচে টানা চারটি ড্র করল মোহামেডান। সব মিলিয়ে পাঁচ ড্র। দর্শকেরা নড়েচড়ে বসার আগেই কাল গোল হয়েছে ম্যাচে! মাত্র ১৭ সেকেন্ডে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন তৌহিদুল আলম সবুজ। কিক-অফের পরই প্যাট্রিসের বাড়িয়ে দেওয়া বল ধরে সোজা দৌড়ে বক্সে ঢুকে যান সবুজ। এবারের প্রিমিয়ার লিগ এর আগেও আরেকটি দ্রুততর গোল দেখেছে। ১৪ আগস্ট ময়মনসিংহ স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে ৩০ সেকেন্ডে গোল করেছিলেন চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ হোসেন।
১৭ মিনিটে মোহামেডানের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাসুদ রানা। ব্রাদার্স ২১ মিনিটে স্কোর ২-১ করে ফেলে। কাউসার আলী রাব্বির কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন এনকোচা কিংসলে। ৬২ মিনিটে এই কিংসলের গোলেই (২-২) মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স। এই ড্রয়ে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আটে মোহামেডান, সমান ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া ব্রাদার্স নয়ে।
আজ থেকে প্রিমিয়ার লিগের ১৮ দিনের বিরতি। ভুটানের সঙ্গে এশিয়ান কাপের প্লে-অফের ম্যাচ এবং এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্ব শেষে আগামী ৮ সেপ্টেম্বর আবারও মাঠে গড়াবে লিগ।