‘প্রথম ১৫ মিনিটেই গোল করো। গোল শোধ করতে প্রতিপক্ষ ওপরে উঠবে। রক্ষণে তৈরি হওয়া খালি জায়গা কাজে লাগিয়ে আরও গোল আসবে। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ো।’
এই মন্ত্র কানে ঢুকিয়েই দল মাঠে নামান ঢাকা আবাহনীর কোচ দ্রাগো মামিচ। কিন্তু এটির পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন না তঁার খেলোয়াড়েরা। নইলে কাল মুক্তিযোদ্ধার বিপক্ষে অন্তত ৪-৫টি গোল প্রাপ্য ছিল মামিচের দলের। কিন্তু গোল এল মাত্র দুটি।
প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। গোলটা এনে দেন চলতি প্রিমিয়ার লিগেই এর আগে একটি গোল পাওয়া ডিফেন্ডার নাসির উদ্দিন। কালকের গোলটি ওয়ালির ক্রস বক্সের ভেতর মাথা ঠান্ডা রেখে নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় করেছেন, যা দেখে মনে হয়েছে নাসির একজন পরিপূর্ণ স্ট্রাইকার।
আবাহনী কাল দুই বিদেশির কোটায় রক্ষণে সামাদ আর আক্রমণে রাখে এমেকাকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে এমেকা শুরুতেই মুক্তিযোদ্ধা গোলরক্ষক শ্যামলকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে সুযোগ হারিয়েছেন। তাঁর শট লাগে গোলরক্ষকের গায়ে। রুবেল মিয়া দুই হাত সামনে থেকে বাইরে মেরে ডাগআউটে উদ্বেগ বাড়িয়েছেন। জীবনও একই পথের পথিক। গোল নষ্টের মহড়াই যেন তাঁরা দিয়ে গেলেন ম্যাচে।
অথচ আবাহনীর আক্রমণে এখন এমেকা, রুবেল মিয়া, জীবনের সঙ্গে তরুণ সাদও আছেন। মোটামুটি ধারালো একটা আক্রমণভাগই। কিন্তু চলতি লিগে আবাহনী আট ম্যাচে এক হার আর দুই ড্রয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। এর পেছনে নিজেদের গোল নষ্টের অবদানই বেশি। আর এ নিয়ে যত হা-হুতাশ কোচিং স্টাফের।
এক গোলের ভরসা নেই দেখে কোচ কাল দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এমেকাকে তুলে মাঠে পাঠান আরেক আফ্রিকান ল্যান্ডিংকে দারবোয়েকে। ল্যান্ডিং এসে শেষ দিকে রুবেলের ক্রস থেকে হেডে ২-০ করলে টানা দ্বিতীয় জয় নিয়ে ক্লাবে ফেরে চ্যাম্পিয়নরা। জয়-পরাজয় বাদ দিলে কাদামাঠে হয়েছে আসলে হাডুডু খেলা। বল ঠেলে ধাক্কা দিয়ে সামনে নিতে গায়ের জোরেই খেলতে হয়েছে দুই দলের খেলোয়াড়দের।
টানা পাঁচ ম্যাচ হেরে মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের গায়ের জোরও আসলে এখন নেই। আদালতে মামলার জেরে কোনো ক্লাব পরিচালনা কমিটি না থাকায় খেলোয়াড়দের খাওয়ার টাকা জোগানোই নাকি কঠিন হয়ে গেছে। বেতন বাকি। সুযোগ-সুবিধা নেই। খেলোয়াড়েরা মাঠে এসে খেলেন, এই তো বড় ব্যাপার!
এসব নিয়ে দুঃখ করে মুক্তিযোদ্ধার কোচ মাসুদ কায়সার বলছিলেন, ‘খেলোয়াড়েরা এসে যে মাঠে খেলে যাচ্ছে এটাও আমাদের জন্য কম নয়। চরম সংকটে আছি আমরা।’ অবস্থার উন্নতি না হলে মাঠে এসে কত দিন খেলা যাবে, সেটি নিয়েই দ্বিধায় গোটা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।